আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই আফগানিস্তানের দায়িত্ব ছাড়বেন প্রধান কোচ জনাথন ট্রট। সোমবার এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ট্রট ২০২২ সালের জুলাইয়ে দায়িত্ব নিয়েছিলেন। তার অধীনেই আফগানিস্তান গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে ইতিহাস গড়ে। এর আগের বছর ওয়ানডে বিশ্বকাপে তারা অল্পের জন্য শীর্ষ চারে ওঠার সুযোগ হাতছাড়া করেছিল।
এসিবি জানিয়েছে, ‘প্রধান কোচ জনাথন ট্রটের মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ হবে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের পর। জাতীয় দলের দীর্ঘমেয়াদী উন্নয়ন কৌশলের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।’
২০২৩ ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তান চমক দেখিয়ে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডসহ পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারিয়েছিল। টুর্নামেন্টে তারা চারটি জয় পেলেও সেমিফাইনালে ওঠার জন্য মাত্র দুই পয়েন্ট দূরে থেকে বিদায় নেয়।
পরের বছর, ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের বিপক্ষে জয় পেয়ে আফগানিস্তান প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেয়। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বিদায় নেয় তারা।
আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কায়। যার ফাইনাল হবে ৮ মার্চ।