টি-টোয়েন্টিতে অভিষেকই সবচেয়ে ‘সিক্সি’

টি-টোয়েন্টিতে অভিষেকই সবচেয়ে ‘সিক্সি’

টি-টোয়েন্টি চার-ছক্কার খেলা। যত বেশি ছক্কা মারতে পারবেন ততই ভালো। সে হিসেবে এই সময়ে অভিষেক শর্মার চেয়ে ভালো সম্ভবত আর কেউ নেই। ভারতের এই ওপেনার প্রায় এক ওভার পরপরই ছক্কা মারেন।

নিশ্চয়ই বিশ্বাস হচ্ছে না? টেস্ট খেলুড়ে দেশগুলোর খেলোয়াড়দের মধ্যে ছেলেদের টি-টোয়েন্টিতে অভিষেকের ছক্কা মারার হার সবচেয়ে ভালো। অন্তত ৫০ ছক্কা মারা খেলোয়াড়দের মধ্যে হিসাবটি করেছে ইএসপিএনক্রিকইনফো। প্রতি ৬.৮৩ বল পরপর ছক্কা মারেন অভিষেক। সহযোগী দেশের খেলোয়াড়দের হিসাবে নিলে ভারতীয় ওপেনার এ তালিকায় দ্বিতীয়। জিব্রাল্টারের কাইরন স্ট্যাগনো প্রতি ৬.৬১ বল পরপর ছক্কা মারেন।

টেস্ট খেলুড়ে দেশগুলোর খেলোয়াড়দের মধ্যে ছক্কা মারার হারে অভিষেকের পরই রয়েছেন আন্দ্রে রাসেল। ওয়েস্ট ইন্ডিজের সাবেক এ অলরাউন্ডার প্রতি ৭.২১ বল পরপর ছক্কা মেরেছেন।

ভারতের হয়ে অভিষেকের অভিষেক গত বছর জুলাইয়ে। ২২ টি-টোয়েন্টিতে ২১ ইনিংসে ব্যাট করা এই বাঁহাতি ওপেনার তাঁর অভিষেকের পর থেকে টেস্ট খেলুড়ে দেশগুলোর খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ ছক্কা মেরেছেন। ২১ ইনিংসে তাঁর ছক্কাসংখ্যা ৫৮টি। সহযোগী দেশগুলো বিবেচনায় নিলে এ সময় শুধু অস্ট্রিয়ার করণবীর সিং (৯৯) ও আরব আমিরাতের মুহাম্মদ ওয়াসিম (৬০) অভিষেকের চেয়ে ছক্কা মারায় এগিয়ে।

তবে প্রতি ৬.৮৩ বল পরপর ছক্কা মারার পরিসংখ্যানটি অভিষেকের হাওয়ায় ভাসিয়ে বল সীমানার বাইরে পাঠানোর আশ্চর্য ক্ষমতারই প্রমাণ। তালিকায় অন্য নামগুলো দেখলে অভিষেকের ছক্কা মারার সামর্থ্যের প্রতি সমীহ জাগবেই। অস্ট্রেলিয়ার টিম ডেভিড প্রতি ৭.৮৭ বল পরপর ছক্কা মারেন। এভিন লুইস ৮.৪৯ বল পরপর এবং লিয়াম লিভিংস্টোন ১০.৮৬ বল পরপর ছক্কা মারেন। ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবও প্রতি ১০.৮৬ বল পরপর ছক্কা মারেন।

প্রতি ইনিংসে ২.৭৬টি করে ছক্কা মেরেছেন অভিষেক। অন্তত ৫০ ছক্কা মারা ব্যাটসম্যানদের মধ্যে এটি দ্বিতীয় সেরা ছক্কা মারার হার। সেটা অবশ্যই সহযোগী দেশগুলোকেও বিবেচনায় নিয়ে। করণবীর সিং ৩৬ ইনিংসে মেরেছেন ১১৩ ছক্কা—যেটা ইনিংসপ্রতি ৩.১৪টি করে ছক্কা।

টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে অবশ্য অভিষেকই শীর্ষে। টেস্ট খেলুড়ে দেশগুলোর খেলোয়াড়দের মধ্যে প্রতি ইনিংসে অন্তত ২টি করে ছক্কা মারা খেলোয়াড়ই দুজন—অভিষেক ও এভিন লুইস (২.১৩)।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫০ ছক্কার দেখা পেতেও সবচেয়ে কম বল খেলেছেন অভিষেক। এই পথ পর্যন্ত ৩৩১ বল খেলেন তিনি। সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে নিজের ৫০তম ছক্কার দেখা পান অভিষেক।

Comments

0 total

Be the first to comment.

ভারত-পাকিস্তান ম্যাচ চান না পেহেলগামে বন্দুকধারীদের হামলায় নিহতের বাবা Prothomalo | ক্রিকেট

ভারত-পাকিস্তান ম্যাচ চান না পেহেলগামে বন্দুকধারীদের হামলায় নিহতের বাবা

গত এপ্রিল মাসের শেষ সপ্তাহে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬...

Sep 13, 2025

More from this User

View all posts by admin