জাতীয়করণের প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনরত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা তিন ঘণ্টা পর প্রেসক্লাবের সামনের সড়ক ছেড়েছেন। ফলে প্রেসক্লাব থেকে পল্টন অভিমুখী সড়কে যান চলাচল শুরু হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) দুপুর ৩টার পর সড়ক ছেড়ে দেন তারা। এর আগে দুপর ১২টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে আন্দোলনরত শিক্ষকরা শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রার চেষ্টা করলে পুলিশ বাঁধার মুখে পড়েন।
পরে শিক্ষকদের ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে স্মারকলিপি পেশ করে। স্মারকলিপি জমা দেওয়ার সময় শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন সংগঠনের নেতারা।
সংগঠনের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান অভিযোগ করে বলেন, শিক্ষা উপদেষ্টা আমাদের প্রতিনিধি দলের সঙ্গে অপমানজনক আচরণ করেছেন। আমরা ভেবেছিলাম, অন্তত সৌজন্যমূলক আচরণ পাবো। কিন্তু তিনি আমাদের সঙ্গে দেখা না করে অসম্মানজনক আচরণ করেছেন; যা গোটা শিক্ষক সমাজের প্রতি অবমাননা।
এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন কাজী মোখলেছুর রহমান। একইসঙ্গে তিনি শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেন।
সংগঠনের নেতারা জানান, চলতি বছরের ২৮ জানুয়ারির জাতীয়করণের ঘোষণার দ্রুত বাস্তবায়ন না হওয়ায় তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি এমপিওভুক্তির লক্ষ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো ১ হাজার ৮৯টি প্রতিষ্ঠানের ফাইল দ্রুত অনুমোদনেরও দাবি জানান তারা।
এছাড়া অনুদানবিহীন স্বীকৃত ইবতেদায়ি মাদ্রাসার এমপিও আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ, প্রাথমিক বিদ্যালয়ের মতো প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি এবং ইবতেদায়ি মাদ্রাসার জন্য আলাদা অধিদফতর স্থাপনের দাবি জানান শিক্ষকরা।