তিতুমীরের সামনের সড়ক ১ ঘণ্টা অবরোধ শিক্ষার্থীদের

তিতুমীরের সামনের সড়ক ১ ঘণ্টা অবরোধ শিক্ষার্থীদের

সরকারি তিতুমীর কলেজের ‘স্বতন্ত্র কাঠামো’ বজায় রাখাসহ কয়েকটি দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা মহাখালীর তিতুমীর কলেজের সামনের সড়কে অবস্থান নেন। এতে এই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। সংশ্লিষ্ট সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট।

প্রায় এক ঘণ্টা পর শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যান। তাঁরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল শুরু হয়।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, তিতুমীর কলেজের স্বতন্ত্র কাঠামো বজায় রাখা, আসনসংখ্যা বাড়ানো, কলেজে উচ্চমাধ্যমিক স্তর যুক্ত না করাসহ কয়েকটি দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ তাঁরা সড়ক অবরোধ করেন।

আন্দোলনের অন্যতম সংগঠক জাবেদ ইকবাল বলেন, দাবি আদায়ের আন্দোলন অব্যাহত থাকবে। দাবিগুলো দ্রুত মানা না হলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

বনানী থানার পরিদর্শক (অপারেশনস) এ কে এম মইনুদ্দিন প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে তাঁদের সঙ্গে কথা বলেন। সড়ক থেকে সরে যেতে অনুরোধ জানান। প্রথমে তাঁরা রাজি না হলেও পরে সড়ক ছেড়ে দেন। এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin