টমাহক পেলেন না জেলেনস্কি, শান্তির আহ্বান ট্রাম্পের

টমাহক পেলেন না জেলেনস্কি, শান্তির আহ্বান ট্রাম্পের

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার হোয়াইট হাউজে যুক্তরাষ্ট্রের কাছ থেকে নতুন অস্ত্র, বিশেষ করে দূপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র পাওয়ার আশায়। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন, তিনি এখন ইউক্রেনকে অস্ত্র সরবরাহ নয়, বরং যুদ্ধ শেষ করার উদ্যোগে বেশি আগ্রহী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

দুই ঘণ্টার বৈঠকের পর ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমি প্রেসিডেন্ট জেলেনস্কিকে বলেছি, যুদ্ধ এখনই থামাও। ফ্রন্টলাইনে থেমে যাও, সবাই ঘরে ফিরে যাও। হত্যাযজ্ঞ থামাও।

ট্রাম্প আরও বলেছেন, তিনি শিগগিরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে হাঙ্গেরিতে বৈঠক করবেন।

ওই বৈঠক ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে, যুক্তরাষ্ট্র কি ইউক্রেনকে নতুন করে সামরিক সহায়তা দেবে, নাকি শান্তিচুক্তির দিকে যাবে।

তিনি বলেন, আমি মনে করি, জেলেনস্কি শান্তি চান, পুতিনও চান। এখন তাদের একটু মিলেমিশে চললেই হয়।

তবে জেলেনস্কি স্পষ্ট ভাষায় বলেছেন, যুদ্ধবিরতি সহজ নয়। আমরাও চাই যুদ্ধ থামুক, কিন্তু পুতিন তা চায় না।

বৈঠকে জেলেনস্কি জানান, ইউক্রেনের হাতে হাজার হাজার ড্রোন আছে রাশিয়ার লক্ষ্যবস্তুতে হামলার জন্য, কিন্তু মার্কিন টমাহক ক্ষেপণাস্ত্র দরকার। তিনি বলেন, আমাদের কাছে টমাহক নেই, তাই এগুলো দরকার।

জবাবে ট্রাম্প বলেন, আমরা চাই না তোমাদের টমাহক প্রয়োজন হোক। আমরাও এগুলো নিজেদের সুরক্ষায় রাখতে চাই।

বৈঠক শেষে জেলেনস্কি সাংবাদিকদের বলেন, আলোচনা ফলপ্রসূ ছিল, কিন্তু আমি বাস্তববাদী। যুক্তরাষ্ট্র এখন যুদ্ধের তীব্রতা বাড়াতে চায় না। তিনি আরও জানান, ট্রাম্প যেন পুতিনকে চাপ দেন যুদ্ধ থামাতে, সেটাই এখন তার প্রত্যাশা।

ট্রাম্পের শান্তির পথে অবস্থান ইউরোপীয় দেশগুলোতেও নতুন উদ্বেগ তৈরি করেছে। তারা আশঙ্কা করছে, ট্রাম্প হয়তো এমন একটি চুক্তি করবেন যা রাশিয়ার পক্ষে যেতে পারে। ইউরোপীয় ইউনিয়নের এক মুখপাত্র বলেন, যদি এই আলোচনায় শান্তির সুযোগ থাকে, আমরা তা স্বাগত জানাই।

বিশ্লেষকদের মতে, এই বৈঠক জেলেনস্কির প্রত্যাশামতো হয়নি। যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক ও আইআইএসএস-এর জ্যেষ্ঠ ফেলো মাইকেল কার্পেন্টার বলেন, ওয়াশিংটনের বর্তমান নীতিতে রাশিয়ার ওপর বাড়তি চাপ দেওয়ার ইচ্ছা নেই। ট্রাম্পের অবস্থান সেটাই প্রমাণ করে।

ট্রাম্প অবশ্য জেলেনস্কির প্রতি প্রশংসা জানাতে ভোলেননি। এক পর্যায়ে তিনি বলেন, তিনি আজ খুবই স্টাইলিশ একটি গাঢ় রঙের জ্যাকেট পরেছে। আগেও অনেকে বলেছিল সে জ্যাকেট পরে না। এখন দেখুন, দারুণ লাগছে।

রাশিয়ার সঙ্গে বৈঠক নিয়ে ট্রাম্প বলেন, আমাকে অনেকে বোকা বানানোর চেষ্টা করেছে, কিন্তু আমি সব সময়ই ভালোভাবে বেরিয়ে এসেছি। এবারও দেখুন কী হয়।

এদিকে রাশিয়া দাবি করেছে, তারা এ বছর ইউক্রেনের প্রায় পাঁচ হাজার বর্গকিলোমিটার এলাকা দখল করেছে, যা দেশটির মোট ভূখণ্ডের এক শতাংশ। তবে ইউক্রেনের সেনাপ্রধান ওলেক্সান্দর সিরস্কি বলেছেন, রাশিয়ার সর্বশেষ হামলা ব্যর্থ হয়েছে।

বিশ্লেষক ম্যাক্স বার্গম্যানের মতে, পুতিন এখন মার্কিন অস্ত্র সরবরাহ বন্ধ রাখতে সময় ক্ষেপণ করছেন। ইউক্রেনের সামরিক সংস্থা কাম ব্যাক অ্যালাইভ-এর বিশ্লেষক মাইকোলা বিয়েলেস্কভ বলেন, টমাহক পেলে ইউক্রেন অন্তত রাশিয়ার সামরিক সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি করতে পারত।

 

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin