টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনায় মালিকদের বিরুদ্ধে মামলা

টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনায় মালিকদের বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপনডেন্ট, গাজীপুর: 

গাজীপুরের টঙ্গীতে ‘ফেমাস কেমিক্যাল লিমিটেড’ নামক রাসায়নিক গুদামে আগুনের ঘটনায় মামলা হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) ফায়ার সার্ভিসের ঢাকা জোনের উপ সহকারী পরিচালক আব্দুল মান্নান বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় এই মামলা দায়ের করেন।

মামলায় কেমিক্যাল গুদামের মালিকানায় থাকা চারজনসহ অজ্ঞাত আরও ১৫-২০ জনকে আসামি করা হয়েছে। গোডাউন মালিকানায় থাকা চার আসামি হলেন— ইসমাইল হোসেন (৪২), সোলাইমান (৩৫), তাজুল ইসলাম (৪০) ও রাকিব (৩৮।

টঙ্গী পূর্ব থানা পুলিশ জানায়, গত সোমবার বিকেলে সাহারা মার্কেট এলাকায় ওই কেমিক্যাল গুদামে আগুন লাগে। প্রায় ৫ ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় ফায়ার সার্ভিসের তিনজন কর্মী ও পার্শ্ববর্তী দোকানের একজন কর্মচারী অগ্নিদগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ওই চারজনের মৃত্যু হয়। ঘটনার সাত দিন পর আজ দুপুরে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। তবে ঘটনার পর থেকে গোডাউনের মালিকানায় থাকা ওই চারজন পলাতক রয়েছেন বলে জানান তিনি।

টঙ্গী পূর্ব থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওহিদুজ্জামান বলেন, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। 

অপরদিকে, ক্ষতিগ্রস্ত রাসায়নিক গুদাম থেকে নির্গত গ্যাস মানবদেহের জন্য খুবই ক্ষতিকর বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। গত মঙ্গলবার পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ঘটনাস্থলের ১০০ মিটারের মধ্যে জনসাধারণের চলাচলে সাবধানতা অবলম্বনের নির্দেশনা দেয়া হয়।

স্থানীয়রা জানান, টঙ্গীতে অনুমতিহীন কয়েকশ কেমিক্যাল গোডাউন রয়েছে। যেকোনো মুহূর্তে এগুলোতে দুর্ঘটনা ঘটতে পারে। সাহারা মার্কেটে ঘটে যাওয়ার ৭ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কর্তৃপক্ষের কোন অভিযান বা ব্যবস্থা গ্রহণে চোখে পড়ছে না। 

এর আগে, রাসায়নিক গুদামে আগুনের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ফায়ার ওয়্যার হাউস ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাঈম, ফায়ার ফাইটার শামীম আহমেদ ও নুরুল হুদার মৃত্যু হয়। একই ঘটনায় আগুনে দগ্ধ হয়ে পার্শ্ববর্তী দোকানের কর্মচারী বাবু হাওলাদারের (২৪) মৃত্যু হয়।

/এএইচএম

Comments

0 total

Be the first to comment.

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ  JamunaTV | সারাদেশ

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 

চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin