ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন মাহমুদুর রহমান

ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন মাহমুদুর রহমান

ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সাক্ষী হিসেবে তার জবানবন্দি দিয়েছেন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা ২০ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

এ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামেরও সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে, তবে প্রসিকিউশন জানিয়েছে, তিনি মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সাক্ষ্য দেবেন।

এর আগে, ৯ সেপ্টেম্বর ১৪তম দিনের মতো এ মামলায় ছয়জন সাক্ষ্য দিয়েছেন। এ পর্যন্ত মোট ৪৫ জনের সাক্ষ্য রেকর্ড করা হয়েছে। ৮ সেপ্টেম্বর তিনজন সাক্ষী তাদের জবানবন্দি দেন।

মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন গত ২ সেপ্টেম্বর রাজসাক্ষী হিসেবে তার জবানবন্দি দেন এবং ৪ সেপ্টেম্বর তার জেরা শেষ হয়। তিনি জানান, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশে গত বছরের জুলাই-আগস্ট মাসে দেশজুড়ে গণহত্যা চালানো হয়েছিল। তিনি এ অপরাধের জন্য ক্ষমা চেয়েছেন এবং অনেক অজানা তথ্য ট্রাইব্যুনালের সামনে তুলে ধরেছেন।

সাক্ষীদের জবানবন্দিতে গত জুলাই-আগস্টের আন্দোলনের সময় দেশজুড়ে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের বীভৎস বর্ণনা উঠে এসেছে। শহীদ পরিবার এবং প্রত্যক্ষদর্শীরা শেখ হাসিনা, কামালসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

গত ১০ জুলাই ট্রাইব্যুনাল শেখ হাসিনা, কামাল ও মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

এ মামলার আনুষ্ঠানিক অভিযোগ মোট আট হাজার ৭৪৭ পৃষ্ঠার, যেখানে শহীদদের তালিকা, তথ্যসূত্র ও বিভিন্ন দালিলিক প্রমাণাদি অন্তর্ভুক্ত করা হয়েছে। মামলায় মোট ৮১ জন সাক্ষীর নাম উল্লেখ করা হয়েছে। গত ১২ মে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা চিফ প্রসিকিউটরের কাছে এ প্রতিবেদন জমা দেয়।

ইএসএস/জেএইচ

Comments

0 total

Be the first to comment.

চট্টগ্রাম মহানগর পুলিশের সাবেক কমিশনারকে ৩০ অক্টোবর ট্রাইব্যুনালে হাজারের নির্দেশ  Banglanews24 | আইন ও আদালত

চট্টগ্রাম মহানগর পুলিশের সাবেক কমিশনারকে ৩০ অক্টোবর ট্রাইব্যুনালে হাজারের নির্দেশ 

জুলাই আনদোলনের মামলায় চট্টগ্রাম মহানগর পুলিশের  সাবেক কমিশনার মোঃ সাইফুল ইসলামকে ৩০ অক্টোবর হাজিরের...

Oct 15, 2025

More from this User

View all posts by admin