তৃতীয় শক্তি হিসেবে নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এনসিপি: সারজিস

তৃতীয় শক্তি হিসেবে নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এনসিপি: সারজিস

জয়পুরহাট: আগামী সংসদ নির্বাচনে তৃতীয় শক্তি হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে  বলে মন্তব্য করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদে এনসিপি নির্ধারকের জায়গায় থাকবে।

বাংলাদেশে যদি তিনটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল থাকে এবং প্রথম ও দ্বিতীয় দলের ভোট যদি কাছাকাছি হয়, তাহলে তৃতীয় দলই নির্ধারণ করে কে সরকার গঠন করবে। এনসিপি সেই তৃতীয় শক্তি হিসেবেই আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যোগ করেন সারজিস।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে জয়পুরহাট জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের মিলনায়তনে আয়োজিত দলের জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এনসিপি জয়পুরহাট জেলা শাখা এ সমন্বয় সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন সারজিস আলম।  

এসময় দলের কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সংগঠক সাকিব মাহাদী, জয়পুরহাট জেলা শাখার যুগ্ম সমন্বয়ক ওমর আলী বাবুসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শাপলা প্রতীক প্রসঙ্গে সারজিস আলম বলেন, যে নির্বাচন কমিশন একটা রাজনৈতিক দলকে তার প্রাপ্য মার্কাটা দেওয়ার সৎসাহস দেখাতে পারে না, সেই নির্বাচন কমিশনের অধীনে একটা সুষ্ঠু নির্বাচন এই বাংলাদেশে হতে পারে না। এনসিপি প্রত্যাশা করে, শাপলা প্রতীক পেয়েই আগামী নির্বাচনে অংশ নেওয়ার। যদি শাপলা প্রতীক দিতে এনসিপির সঙ্গে অন্যায় করা হয়, তাহলে এ রাজপথে ও রাজনৈতিকভাবে তার জবাব দেওয়া হবে। আমরা শাপলা প্রতীকেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেব।

সারজিস আলম বলেন, আগামী দুই মাসের মধ্যে জয়পুরহাট জেলা ও উপজেলার সব পর্যায়ের কমিটি গঠন শেষ করা হবে। আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দলকে আরও শক্তিশালী করার কাজ করছি। কোনো দলের সঙ্গে এনসিপির জোট করার সিদ্ধান্ত এখনো হয়নি।

এসআই  

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin