এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনাল মুখোমুখী হচ্ছে ভারত–পাকিস্তান। এই ম্যাচে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছে। বড় ম্যাচে চোটের কারণে ফাইনালে নেই তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তার জায়গায় খেলছেন রিংকু সিং।
আজ রোববার (২৮ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।
টি-টোয়েন্টি ফরম্যাটে ভারত–পাকিস্তান সর্বশেষ মুখোমুখি হয়েছিল ২০০৭ সালের প্রথম টি-২০ বিশ্বকাপের ফাইনালে। অন্যদিকে টি-টিয়োন্টিতে ১৫ দেখায় ১২ বারই জয় পেয়েছে বর্তমান পরাশক্তি ভারত।
পরিসংখ্যান বলছে, ভারতের বিপক্ষে সবশেষ চার টি-টোয়েন্টিতেই হেরেছে পাকিস্তান। টানা ছয় ম্যাচ জিতে এবারের আসরে সবচেয়ে সফল দল ভারত। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—সব বিভাগেই অন্যদের চেয়ে এক ধাপ এগিয়ে টিম ইন্ডিয়া। অন্যদিকে পাকিস্তান দল মানেই অনিশ্চয়তা আর বিস্ময়। বাংলাদেশের বিপক্ষে হারের মুখ থেকে ফিরে ফাইনালে ওঠা, তার বড় উদাহরণ।
ফাইনালের আগে বড় শটের অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিয়েছে সালমান আঘার দল। চাপ সামলে নিজেদের সেরাটা দিতে চায় তারা। এবারের এশিয়া কাপে এখন পর্যন্ত দুই দেখায় দুইবারই ভারতের সামনে অসহায় আত্মসমর্পণ করেছে পাকিস্তান।
ভারত দল:
অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), তিলক বর্মা, শিবম দুবে, ঋতুরাজ গায়কওয়াড়, রিংকু সিং, অক্ষর প্যাটেল, জসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব।
পাকিস্তান দল:
সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, সালমান আঘা (অধিনায়ক), হুসেইন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ।
/এসআইএন