উচ্চ আদালতে অনেক সংস্কার প্রয়োজন: আসিফ নজরুল

উচ্চ আদালতে অনেক সংস্কার প্রয়োজন: আসিফ নজরুল

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, উচ্চ আদালতে অনেক সংস্কারের প্রয়োজন রয়েছে। উচ্চ আদালতে বেঞ্চগুলো গঠনের কাজকে বিকেন্দ্রীকরণ করার প্রয়োজন রয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনলাইন জিডি (ই-বেইলবন্ড) কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, আমরা অনেক কাজ করেছি। সময় বাঁচানোর জন্য ফৌজদারি কার্যবিধিতেও আমরা অনেক পরিবর্তন এনেছি। সরকারি ম্যাজিস্ট্রেটসহ কর্মকর্তাদের সাক্ষ্য অনলাইনে নেওয়ার ব্যবস্থা করে দিয়েছি। আমাদের লক্ষ্য বিচার নিতে মানুষকে যে ভোগান্তি পোহাতে হয়, সেটা যেন হ্রাস পায়, এর ব্যবস্থা করা।

তিনি আরও বলেন, আমরা প্রায়ই দেখি বাচ্চার কাস্টডি কে পাবে, দুই লাখ টাকার চেকের মামলা—এরকম ছোট বিষয়গুলোর জন্য যেন কোর্টে যেতে না হয়, সেজন্য আমরা সংস্কার করছি। এটা পাইলট প্রজেক্ট আকারে আছে। দুই-এক মাসের মধ্যে এটা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারব। নিম্ন আদালতে সংস্কার করে ফেললাম কিন্তু উচ্চ আদালতে সংস্কার হলো না, তাহলে কিন্তু কোনো লাভ হয় না। নিম্ন আদালতে যে মামলাগুলো নিষ্পত্তি হয়, উচ্চ আদালতে তা বছরের পর বছর ঝুলে থাকে। শিশু আছিয়ার ঘটনায় আমরা আইন বদলে এক মাসে বিচার করলাম। কিন্তু উচ্চ আদালতে এটা কয়েক বছরেও নিষ্পত্তি হবে কি না, আমরা জানি না।

আসিফ নজরুল আরও বলেন, উচ্চ আদালতের বিচারকেরা নিম্ন আদালতে ইন্সপেকশনে যান, আদালত ঠিকমত চলছে কি না দেখতে। তখন এটা এক রকম আনন্দ ভ্রমণে পরিণত হয়। বগুড়ায় এক জায়গায় ইন্সপেকশনে দুই লাখের অধিক টাকা খাবারের বিল দিতে হয়েছে, এই টাকা দিয়েছেন নিম্ন আদালতের গরিব বিচারকরা।

তিনি আরও বলেন, নিম্ন আদালত সংস্কার করব, কিন্তু উচ্চ আদালত আগের মতো থাকলে লাভ হবে না। এতে বিচারপ্রত্যাশীরা লাভবান হবেন না। আমরা যতদিন আছি সংস্কারের কাজ করব। আমি আপনাদের সহযোগিতা চাই। আপনারা যদি সহযোগিতা করেন, আমরা বিচার ব্যবস্থাকে আগের চেয়ে অনেক সুন্দরভাবে সাজাতে পারব।

এ সময় অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানসহ আইনজীবী নেতৃবৃন্দ ও বিচারকরা উপস্থিত ছিলেন।

এমআরপি/এমজেএফ

Comments

0 total

Be the first to comment.

চট্টগ্রাম মহানগর পুলিশের সাবেক কমিশনারকে ৩০ অক্টোবর ট্রাইব্যুনালে হাজারের নির্দেশ  Banglanews24 | আইন ও আদালত

চট্টগ্রাম মহানগর পুলিশের সাবেক কমিশনারকে ৩০ অক্টোবর ট্রাইব্যুনালে হাজারের নির্দেশ 

জুলাই আনদোলনের মামলায় চট্টগ্রাম মহানগর পুলিশের  সাবেক কমিশনার মোঃ সাইফুল ইসলামকে ৩০ অক্টোবর হাজিরের...

Oct 15, 2025

More from this User

View all posts by admin