উলিপুরে বিএনপি নেতার জামায়াতে যোগদান

উলিপুরে বিএনপি নেতার জামায়াতে যোগদান

কুড়িগ্রামের উলিপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ধরনীবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম ফুলু আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উলিপুর উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এক সাধারণ সভায় সহযোগী সদস্য ফরম পূরণের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন।

দলীয় সূত্র জানায়, গত ১৪ মে ঘোষিত উলিপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে আমিনুল ইসলাম ফুলুকে ৪ নম্বর যুগ্ম আহ্বায়ক করা হয়। তবে কমিটি ঘোষণার পর বিভিন্ন অসংগতির অভিযোগ তুলে তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপি থেকে পদত্যাগ করেন। এরপর থেকেই তার রাজনৈতিক অবস্থান নিয়ে নানা গুঞ্জন ছিল।

দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকা এই নেতা জামায়াতে ইসলামীতে যোগদানের পর বলেন, দেশের রাজনৈতিক অঙ্গনে ইসলামী মূল্যবোধ ও আদর্শকে শক্ত ভিত্তি দিতে আমি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছি। জনসেবার ধারাবাহিকতায় এখান থেকেই কাজ করে যেতে চাই।

উলিপুর উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির অ্যাডভোকেট কামাল কবির লিটন বলেন, আমিনুল ইসলাম ফুলুর মতো অভিজ্ঞ নেতা জামায়াতে ইসলামীর আদর্শে অনুপ্রাণিত হয়ে সংগঠনে যোগ দিয়েছেন। আমরা দোয়া করি, তিনি আজীবন ইসলামী আন্দোলনের এ পথে থাকবেন। তার অংশগ্রহণে আগামী দিনে জামায়াতের গণআন্দোলন আরও বেগবান হবে।

আরএ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin