উপদেষ্টার পদ ব্যবহার করে নেওয়া বরাদ্দের জবাবদিহি করতে হবে: খসরু

উপদেষ্টার পদ ব্যবহার করে নেওয়া বরাদ্দের জবাবদিহি করতে হবে: খসরু

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, উপদেষ্টার পদ ব্যবহার করে যত বরাদ্দ নেওয়া হবে, ভোট তত কমবে। বাংলাদেশের মানুষ খুব সচেতন। এসব কাজের জবাবদিহি করতে হবে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরের হালিশহরের ‘এ’ ব্লক, ‘কে’ ব্লক, বড়পোলসহ বিভিন্ন এলাকা পরিদর্শনকালে খসরু এ কথা বলেন। এ সময় তিনি স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন ও তাদের খোঁজখবর নেন।

দেশে ধানের শীষ ও বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে উল্লেখ করে দলটির এ নেতা বলেন, মানুষ ২০ বছর ভোট দিতে পারেনি। এখন ভোটের জন্য তারা অপেক্ষা করছে। ধানের শীষ সামনে আসার সঙ্গে সঙ্গে গণজোয়ার তৈরি হয়েছে। বিএনপি গত ১৫-২০ বছর গণতন্ত্রের জন্য যে সংগ্রাম করেছে, সেই গণতন্ত্র মানুষ ফিরে পেতে যাচ্ছে।

আরও পড়ুনপিআর পদ্ধতিতে নির্বাচন হলে আরেকটি ফ্যাসিস্ট সরকার তৈরি হতে পারেযে কোনো বিষয়ে প্রতিবেশীর হস্তক্ষেপ দেশের জন্য চ্যালেঞ্জব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে এনসিপির নারী নেত্রীদের সাক্ষাৎ

খসরু জানান, আগামী দিনের কর্মসূচি বিএনপি প্রস্তুত করেছে। ১৮ মাসে এক কোটি মানুষের কর্মসংস্থান, বিনা মূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, শিক্ষা ও চাকরির সুযোগ সবই তারা বাস্তবায়নের জন্য প্রস্তুত। শুধু রাজনীতি নয়, অর্থনীতিকেও তারা গণতন্ত্রায়ণের পথে নিয়ে যাচ্ছেন। মানুষের প্রত্যাশা পূরণে বিএনপি প্রস্তুত।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক উপ-কমিটির সদস্য ইসরাফিল খসরু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যসচিব কামরুল ইসলাম সাজ্জাদ, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনজুর আলম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এইচ এম রাশেদ খান, হালিশহর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাফি মুন্না প্রমুখ।

এমআরএএইচ/একিউএফ/জেআইএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin