রাজধানীর উত্তরা এলাকায় ট্রেনের ধাক্কায় হাফিজ আহামেদ (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) কোয়ার্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. বজলুর রশীদ বলেন, “জামালপুর এক্সপ্রেস ট্রেনে ধাক্কা লেগে ঘটনাস্থলেই ওই ব্যক্তি মারা যান। ট্রেনের আঘাতে তার মাথা ও হাত-পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।”
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠায়। পরে বিকা্লে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
মৃত ব্যক্তির ভাগ্নির স্বামী সাইফুল ইসলাম টিটো জানান, হাফিজ আহমেদের সঙ্গে যোগাযোগ না পাওয়ায় উদ্বিগ্ন হয়ে ফোন দেন। পরে পুলিশের মাধ্যমে দুর্ঘটনার খবর পান।
তিনি বলেন, “যতটুকু শুনেছি, তিনি বাসা থেকে রাগ করে বের হয়েছিলেন। পরে গিয়ে তার মরদেহ দেখি।’’
হাফিজ আহামেদ নড়াইলের লোহাগড়া উপজেলার আড়পাড়া গ্রামের শরাফ উদ্দিন আহামেদ নুরু জমাদার ও মৃত মাজুরা বেগমের ছেলে। তিনি পরিবার নিয়ে সাভারে থাকতেন এবং একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিলেন। তার স্ত্রী লিপি বেগম এবং দুই মেয়ে রয়েছে।
এসআই বজলুর রশীদ আরও বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। তবে অন্য কোনও কারণ আছে কিনা, তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।”