ভারত করল ৩ সেঞ্চুরি, ওয়েস্ট ইন্ডিজ নিল ৩ উইকেট

ভারত করল ৩ সেঞ্চুরি, ওয়েস্ট ইন্ডিজ নিল ৩ উইকেট

সেঞ্চুরি, সেঞ্চুরি, সেঞ্চুরি—২০২৫ সালে আরও একবার ইনিংসে তিন সেঞ্চুরির দেখা পেল ভারত। আজ আহমেদাবাদ টেস্টের দ্বিতীয় দিনে ভারতের হয়ে তিন অঙ্ক ছুঁয়েছেন লোকেশ রাহুল, ধ্রুব জুরেল ও রবীন্দ্র জাদেজা। স্বাগতিকদের তিন সেঞ্চুরির বিপরীতে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ পুরো দিনে নিতে পেরেছে মাত্র ৩ উইকেট।

ব্যাটিং ও বোলিং পারফরম্যান্সের বিপরীতমুখী দিন শেষে ম্যাচে এগিয়ে ভারত। স্বাগতিকেরা দ্বিতীয় দিন শেষ করেছে প্রথম ইনিংসে ৫ উইকেটে ৪৪৮ রান নিয়ে। প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয়েছে ১৬২ রানে। আগামীকাল ভারত তৃতীয় দিন শুরু করবে ২৮৬ রানে এগিয়ে থেকে।

আগের দিনের ২ উইকেটে ১২১ রানের সঙ্গে ভারত আজ যোগ করেছে ৩২৭ রান। ৫৩ রান নিয়ে নামা রাহুল সেঞ্চুরি পূর্ণ করেন লাঞ্চের আগেই। ১৯০ বলে তিন অঙ্ক ছোঁয়া ইনিংসটি রাহুলের টেস্ট ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি, ঘরের মাঠে মাত্র দ্বিতীয়।

ঘরের মাঠে তাঁর আগের সেঞ্চুরিটি ২০১৬ সালের ডিসেম্বরে চিপকে, ইংল্যান্ডের বিপক্ষে। জাদেজা ছাড়া ভারতের এই দলের আর কেউই তখনো টেস্ট দলে পা রাখেননি।

ভারতের মাটিতে রাহুলের ৯ বছর বিরতির পরের সেঞ্চুরিটি অবশ্য লম্বা হয়নি। লাঞ্চ বিরতির পর চতুর্থ বলেই জোমেল ওয়ারিক্যানের বলে ওই ১০০ রানেই জাস্টিন গ্রিভসের হাতে ক্যাচ দেন। এর আগে ৫০ রান করে রোস্টন চেজের বলে গ্রিভসের হাতে ক্যাচ দেন শুবমান গিলও।

২১৮ রানে চতুর্থ উইকেট হারানো ভারতকে বড় সংগ্রহের দিকে এগিয়ে দেন জুরেল–জাদেজার জুটি। পঞ্চম উইকেটে দুজন মিলে যোগ করেন ২০৬ রান। জুরেল প্রথম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করে আউট হন ১২৫ রানে। খারি পিয়েরের বলে শাই হোপের ক্যাচে ফেরার আগে মারেন ৩টি ছক্কা ও ১৫টি চার।

দিনের বাকি অংশ ওয়াশিংটন সুন্দরকে নিয়ে পার করে দেন জাদেজা, তুলে নেন ষষ্ঠ টেস্ট সেঞ্চুরিও। জাদেজা ১০৪ আর সুন্দর ৯ রানে ব্যাট করছেন।

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৪৪.১ ওভারে ১৬২ (গ্রিভস ৩২, হোপ ২৬, চেজ ২৪; সিরাজ ৪/৪০, বুমরা ৩/৪২)।

ভারত ১ম ইনিংস: ১২৮ ওভারে ৪৪৮/৫ (জুরেল ১২৫, জাদেজা ১০৪*, রাহুল ১০০, গিল ৫০; চেজ ২/৯০, সিলস ১/৫৩)।

* ভারত ২৮৬ রানে এগিয়ে।

Comments

0 total

Be the first to comment.

ভারত-পাকিস্তান ম্যাচ চান না পেহেলগামে বন্দুকধারীদের হামলায় নিহতের বাবা Prothomalo | ক্রিকেট

ভারত-পাকিস্তান ম্যাচ চান না পেহেলগামে বন্দুকধারীদের হামলায় নিহতের বাবা

গত এপ্রিল মাসের শেষ সপ্তাহে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬...

Sep 13, 2025

More from this User

View all posts by admin