ভারতে প্রধান উপদেষ্টাকে ‘অসুরের রূপ’ দেওয়া নিন্দনীয় বললেন ধর্ম উপদেষ্টা

ভারতে প্রধান উপদেষ্টাকে ‘অসুরের রূপ’ দেওয়া নিন্দনীয় বললেন ধর্ম উপদেষ্টা

ব্রাহ্মণবাড়িয়া: অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন, সম্প্রতি ভারতে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চেহারার সঙ্গে মিল রেখে অসুরের প্রতিমা করা হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয় ও অসম্মানজনক।

বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কাছাইট গ্রামে কাছাইট ইসলামিয়া দাখিল মাদরাসায় দেশ গঠনে মাদরাসা শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি এসময় বলেন, মানুষের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য বা তর্ক বিতর্ক থাকতেই পারে। তাই একটি দেশের সরকার প্রধানকে অন্য একটি দেশে অসুর অর্থাৎ শয়তান বানিয়ে উপস্থাপন করা অশোভন ও দুঃখজনক। যারা এ কাজ করেছেন, তারা ভালো করেননি। এতে মানুষের প্রতি মানুষের সম্মানবোধ বিনষ্ট হয়।  

এ ঘটনায় রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানো হবে কি না তা জানতে চাইলে তিনি বলেন, বর্তমানে প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টা দেশের বাইরে রয়েছেন। তারা দেশে ফিরে এলে, কারা এগুলো করেছেন, খোঁজ নিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে যা করার করবেন।

এছাড়া হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে জানিয়ে তিনি বলেন, বৃহৎ এ উৎসবকে ঘিরে সরকার সর্বোচ্চ নিরাপত্তা ও প্রস্তুতিমূলক ব্যবস্থা নিয়েছে। এখনো পর্যন্ত কোনো দুর্ঘটনার খবর আসেনি।

তিনি আরও বলেন, দেশ গঠনে মাদরাসা শিক্ষার্থীরা আগের মতো আগামী দিনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কারণ মাদরাসা শিক্ষার্থী অনেকেই প্রশাসন, ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

কাছাইট জামে মসজিদ ঈদগাহ ময়দানে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্ব করেন।   বিশেষ অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নাসরুল্লাহ, কাছাইট জামে মসজিদ কমপ্লেক্সের দায়িত্বশীল আল্লামা শায়খ আব্দুল ওয়াহিদ ভূঁইয়া (বড় হুজুর), কাছাইট ইসলামিয়া দাখিল মাদরাসার সভাপতি মোহাম্মদ আমির হামজা ভূঁইয়া, জেলা জামায়াতে ইসলামীর আমির মোবারক হোসেন আকন্দসহ অনেকে।

এসআই  

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin