‘ভারতের বিপক্ষে ভেঙে পড়বে না বাংলাদেশ’, বিশ্বাস রোহান গাভাস্কারের

‘ভারতের বিপক্ষে ভেঙে পড়বে না বাংলাদেশ’, বিশ্বাস রোহান গাভাস্কারের

ভারতের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় বিশ্লেষক রোহান গাভাস্কার মনে করেন, আসন্ন ভারত ম্যাচে আত্মবিশ্বাসই হবে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি। তার মতে, সাম্প্রতিক সাফল্য ও দলীয় ভারসাম্যের কারণে টাইগাররা এখন বড় প্রতিপক্ষের বিরুদ্ধেও জয়ের লক্ষ্যে মাঠে নামতে সক্ষম।

‘ক্রিকবাজ বিশ্লেষণে’ ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কারের পুত্র রোহান বলেন, ‘বাংলাদেশ আর সেই দল নয় যারা বড় দলের নাম শুনে ভয় পায়। বরং তারা এখন জানে কীভাবে চাপ সামলাতে হয় এবং ম্যাচ জেতার পরিকল্পনা সাজাতে হয়। ভারত-বাংলাদেশ ম্যাচে তাদের সবচেয়ে বড় শক্তি হবে আত্মবিশ্বাস। ’

সাম্প্রতিক সময়ে ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পর নতুন করে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে বাংলাদেশ দল। তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের দারুণ সমন্বয়ে গড়া বর্তমান দলটিকে গাভাস্কার ‘ভারসাম্যপূর্ণ’ আখ্যা দিয়ে বলেন, ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—তিন বিভাগেই প্রতিদ্বন্দ্বিতা করার মতো ক্ষমতা রাখে তারা।

রোহান গাভাস্কার আরও বলেন, ‘ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে নামার আগে অনেক দলই মানসিক চাপে ভেঙে পড়ে। কিন্তু বাংলাদেশ এখন সেই অবস্থানে নেই। তারা জানে কীভাবে পরিকল্পনা সাজাতে হয়, ম্যাচের প্রতিটি মুহূর্ত কাজে লাগাতে হয়। ফলে ভারত ম্যাচে ভয় নয়, বরং লড়াইয়ের মানসিকতা নিয়েই নামবে। ’

ভারতের বিপক্ষে অতীতেও বাংলাদেশ একাধিকবার দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছে। এবারও গাভাস্কার বিশ্বাস করেন, আত্মবিশ্বাসে ভর করে টাইগাররা আবারও প্রমাণ করতে পারে—তারা বড় দলকে ভয় পায় না।

এফবি/এমএইচএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin