ভৈরব জেলার দাবিতে রেলপথ অবরোধ করে ট্রেনে পাথর নিক্ষেপ

ভৈরব জেলার দাবিতে রেলপথ অবরোধ করে ট্রেনে পাথর নিক্ষেপ

কিশোরগঞ্জের ভৈরবকে ৬৫তম জেলা ঘোষণার দাবিতে রেলপথ অবরোধ ও ট্রেনে পাথর নিক্ষেপ করেছেন বিক্ষোভকারীরা। রবিবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় ভৈরব রেল স্টেশনে রেলপথ অবরোধ করেন তারা।

অবরোধকারীরা সাড়ে ১০টার দিকে নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি ভৈরব রেল স্টেশনে আটকে দেন। সাড়ে ১১টার দিকে অবরোধকারীদের রেলওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন রেলপথ অবরোধ প্রত্যাহার করতে বললে উপকূল এক্সপ্রেস ট্রেনটিতে পাথর নিক্ষেপ করেন তারা।

পরে অবরোধকারীরা দুপুর পৌনে ১২টার অবরোধ প্রত্যাহার করলে উপকূল এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

ভৈরব রেলওয়ে থানার ওসি সাঈদ আহমেদ বলেন, অবরোধকারীরা ট্রেন থামিয়ে কর্মসূচি পালন করছিল। পরে কিছু অপ্রীতিকর ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় ট্রেনের যাত্রী কতজন আহত হয়েছেন, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

অবরোধকারীরা ২০০৯ সালে গেজেট হওয়া ৬৫তম ভৈরব জেলার দ্রুত ঘোষণার পক্ষে জোরালো দাবি জানান। এ ছাড়া মঙ্গলবার (২৮ অক্টোবর) ভৈরবের মেঘনা নদীতে নৌপথ অবরোধের কথা জানান তারা।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin