রাজধানীর ওয়ারী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল ও নগদ টাকা উদ্ধারসহ জাল টাকা চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার (৯ নভেম্বর) ডিএমপির ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেফতার ব্যক্তিরা হলেন— নূরুল হক (৩২) ও সাইদুল আমিন (২৪)। এ সময় তাদের কাছ থেকে ৬ লাখ টাকার জাল নোট, ১৯ লাখ ৭০ হাজার টাকার আসল নোট, একটি টাকা গণনার মেশিন, দুইটি স্ট্যাপলিং মেশিন এবং দুই প্যাকেট স্ট্যাপলার পিন জব্দ করা হয়।
ডিএমপি জানায়, ডিবি-তেজগাঁও বিভাগের একটি দল শনিবার (৮ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে ওয়ারী থানার জুড়িয়াটুলি এলাকার একটি বাসায় জাল টাকার লেনদেন চলছে। রাত ১১টা ৫০ মিনিটের দিকে ওই বাসায় অভিযান চালিয়ে নূরুল হক ও সাইদুল আমিনকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি করে বিভিন্ন বাজার ও বাণিজ্যিক এলাকায় ছড়িয়ে দিতেন। তারা রাজধানীর বাইরে অন্য জেলাতেও জাল নোট সরবরাহ করতেন বলে ধারণা করছে গোয়েন্দা পুলিশ।
ডিএমপি আরও জানায়, এই চক্রটি একটি বৃহত্তর নেটওয়ার্কের অংশ, যার মাধ্যমে আসন্ন উৎসব ও রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে জাল টাকার প্রবাহ বাড়ানোর পরিকল্পনা ছিল। ঘটনার বিষয়ে ওয়ারী থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের রবিবার বিকালে আদালতে পাঠানো হয়েছে।