যারা ফেব্রুয়ারির নির্বাচনকে ভণ্ডুল করতে চাচ্ছে, তারা অশুভ শক্তি: আযম খান

যারা ফেব্রুয়ারির নির্বাচনকে ভণ্ডুল করতে চাচ্ছে, তারা অশুভ শক্তি: আযম খান

টাঙ্গাইল: বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, এই মুহূর্তে পিআর নিয়ে যারা আন্দোলন করছে, যারা আগামী ফেব্রুয়ারির নির্বাচনকে ভণ্ডুল করতে চাচ্ছে, তারা দেশের অশুভ শক্তি। তারা দেশের অগণত্রান্ত্রিক শক্তি।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইলের বাসাইল উপজেলা ও পৌর ছাত্রদলের মতবিনিময় সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে তিনি এ কথা বলেন।

আযম খান বলেন, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচন হবে কি না, এই প্রশ্নটা রাজনৈতিক দলগুলোর ভেতরে কেন আলোচনা হচ্ছে! আমি মনে করি, এই মুহূর্তে নির্বাচন অত্যন্ত জরুরি। যখন ঐকমত্য কমিশনে আলোচনা হয়- তখন কিন্তু জাতীয় সংসদ নির্বাচনে পিআরের প্রশ্ন কেউই তোলেনি। কেউই এই জাতীয় সংসদ নির্বাচনে পিআর দিতে হবে দাবি করেনি। এটা শুধুমাত্র আপার হাউজের (উচকক্ষে) জন্য দু-একটি দল দাবি করেছিল। বিএনপি বলেছে এব্যাপারে জাতি প্রস্তুত নয়, এটার জন্য সময় নিতে হবে। তবে এই মুহূর্তে এটা চিন্তা করার অবকাশ নেই।

তিনি আরও বলেন, নির্বাচন না হলে দেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নেওয়া যাবে না। দেশটাকে উন্নয়নের পথে দেওয়া যাবে না, দেশের অর্থনীতির চাকা, এখন যেভাবে আছে তা বেশি দূর এগোনোর নয়। এই চাকা সচল হবে না। সমৃদ্ধির পথে যাবে না। তাই আমি মনে করি, যে দু-একটি দল এই পিআরের কথা বলছে বা নির্বাচন পেছানোর নানা রকমের ফন্দিফিকির করছে, সেটা ঠিক নয়। দেশের প্রশ্নে তাদের নির্বাচনের মাঠে আসতে বলবো। পিআরের এই ধোঁয়া তোলা থেকে বিরত থাকতে বলবো। তাদের দেশপ্রেমের পরিচয় দিতে বলবো। এর বাইরে দেশের গণতন্ত্র পথের যাত্রা ও নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, উপজেলা বিএনপির মহিলা দলের সভাপতি রাশেদা সুলতানা রুবি, অ্যাডভোকেট  দেওয়ান হুমায়ূন কবির রিপন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল হাশেম, ছাত্রদল নেতা নাহিদ খান, আজিজুল ইসলাম বিজয় প্রমুখ।  

পরে তিনি উপজেলা মডেল মসজিদ হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন।

এইচএ/

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin