মেডিকেল করেসপনডেন্ট:
রাজধানীর যাত্রাবাড়ী মাছের আড়ত এলাকা থেকে অপহৃত ব্যবসায়ী মো. মকবুলকে (৩৮) আহত অবস্থায় নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছে পরিবার। এই ঘটনায় তার কাছ থেকে ৬০ হাজার টাকা নিয়েছে অপহরণ চক্রটি।
সোমবার (৬ অক্টোবর) আহত অবস্থায় নারায়ণগঞ্জের মদনপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে উদ্ধার করে বিকেলের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয় তাকে।
আহত মকবুল নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার আলমপুরা গ্রামের আব্দুল বাছিদের ছেলে। তিনি গরুর ভুঁড়ি ব্যবসায়ী বলে জানিয়েছেন স্বজনরা।
আহত ব্যবসায়ীর ভাই মো. শাহ আলম জানান, আমার ভাই ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে গরুর ভুঁড়ি কিনে নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় নিয়ে বিক্রি করতেন। আজ ভোরের দিকে ব্যাবসায়িক উদ্দেশ্যে যাত্রাবাড়ী মাছের আড়তের পাশে আসা মাত্রই একটি মাইক্রোবাসে থাকা চার থেকে পাঁচজন দুষ্কৃতকারী আমার ভাইয়ের চোখ মুখ বেঁধে গাড়িতে তুলে নিয়ে যায়। এরপর তারা আমার ভাইকে গাড়ির ভেতরে হাতুড় দিয়ে বাম হাতে এবং বাম পায়ের গোড়ালিতে পিটিয়ে গুরুতর আহত করে।
তিনি আরও জানান, অপহরণকারীরা আমাদের কাছে ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। পরে আমরা কোন উপায় না পেয়ে আমার ভাইয়ের মোবাইল নাম্বারে ওই অপহরণকারীদের ৬০ হাজার টাকা বিকাশ করি। অপহরণকারীরা মুক্তিপণের টাকা পেয়ে আমার ভাইকে গুরুতর আহত অবস্থায় মদনপুর বাসস্ট্যান্ডের পাশে ফেলে রেখে চলে যায়। খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পরে চিকিৎসা শেষে তাকে বাসায় নিয়ে যাচ্ছি।
অপরাধীদের চেনেন কি না এ বিষয়ে জানতে চাইলে বলেন, এখন পর্যন্ত এ বিষয়ে জানতে পারিনি। আমার ভাইকে বাসায় নিয়ে যাওয়ার পরে একটু সুস্থ হলে যদি চিনে থাকে তাহলে জানাতে পারে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, বিকেলের দিকে গুরুতর আহত অবস্থায় এক ব্যবসায়ীকে জরুরি বিভাগে আনা হয়। পরে বিভাগের ৪ নং ওয়ার্ডে তার চিকিৎসা শেষে বাসায় নিয়ে যাওয়া হয়েছে।
/এএইচএম