রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে এসি বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম তানভীর (৯)। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে এ ঘটনায় একই পরিবারের দুই জনের মৃত্যু হলো।
এর আগে বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তানভীরের বাবা মো. তুহিন হোসাইন (৩৮)।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, তানভীরের শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। তুহিন হোসাইনের শরীরের ৪৭ শতাংশ পুড়ে যায়। বর্তমানে তুহিনের স্ত্রী ইবা আক্তার (৩০) ও ছেলে তাওহীদ (৭) চিকিৎসাধীন।
গত ২০ সেপ্টেম্বর দিবাগত রাত দেড়টার দিকে ধলপুর বউবাজার এলাকার একটি সাততলা ভবনের ভাড়া বাসায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার সময় পরিবারের চার জন ঘুমিয়ে ছিলেন। এসি বিস্ফোরণের পর ঘরে আগুন ছড়িয়ে পড়লে তারা দগ্ধ হন। পরে সবাইকে উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।