সাবেক ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে ক্রিকেটার জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগ নিয়ে ক্রীড়াঙ্গনে জোর আলোচনা-সমালোচনা চলছে। শুটিং ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদককে নিয়েও চলছে নানান অভিযোগ। ঠিক এই অবস্থায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে যৌন হয়রানি প্রতিরোধে সব ফেডারেশন ও অ্যাসোসিয়েশনকে একটি অভিযোগ কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
আগামী বুধবারের মধ্যে কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদে তা পাঠাতে বলা হয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী পরিচালক (ক্রীড়া) মো. রুহুল আমিনের সই করা চিঠিতে বলা হয়েছে, এই কমিটি হতে হবে পাঁচ সদস্যের, যেখানে অন্তত তিনজন থাকবে নারী সদস্য।
হাইকোর্ট বিভাগের ২০০৯ সালের ১৪ মে তারিখের ‘শিক্ষা প্রতিষ্ঠানে এবং কর্মক্ষেত্রে নারীর প্রতি যৌন হয়রানি প্রতিরোধ ও প্রতিকার সংক্রান্ত নীতিমালা ২০০৯’ শিরোনামে জারি করা আদেশ অনুযায়ী এই অভিযোগ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।
ক্রীড়া মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখ করা হয়েছে, কোনও ভুক্তভোগী এই কমিটির মাধ্যমে প্রতিকার না পেলে বা অভিযোগের নিষ্পত্তিতে সন্তুষ্ট না হলে তিনি জাতীয় ক্রীড়া পরিষদে অভিযোগ দাখিলের সুযোগ পাবেন।