যশোরে গরুর ঘাস কেটে বাড়ি ফেরার পথে গৃহবধূকে কুপিয়ে হত্যা

যশোরে গরুর ঘাস কেটে বাড়ি ফেরার পথে গৃহবধূকে কুপিয়ে হত্যা

যশোরের মনিরামপুর উপজেলায় এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার কৃষ্ণবাটি গ্রামের মাঠ থেকে গরুর জন্য ঘাস সংগ্রহ করে বাড়ি ফেরার পথে প্রতিবেশী এক ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।

নিহত গৃহবধূর নাম তৃপ্তি মণ্ডল (৪০)। তিনি উপজেলার কৃষ্ণবাটি গ্রামের অবনিশ মণ্ডলের স্ত্রী। এ ঘটনায় আজ শুক্রবার সকালে নিহত ব্যক্তির স্বামী অবনিশ মণ্ডল বাদী হয়ে শংকর মল্লিক (৪৮) নামের এক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা করেছেন। অভিযুক্ত শংকর মল্লিক উপজেলার কৃষ্ণবাটি গ্রামের মুকুন্দ মল্লিকের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক।

স্থানীয় লোকজন ও পুলিশ জানিয়েছে, সম্পর্কের জেরে শংকর মল্লিক ধারালো অস্ত্র দিয়ে তৃপ্তি মণ্ডলকে হত্যা করেছেন। খবর পেয়ে মনিরামপুর থানার পুলিশ গতকাল গভীর রাতে নিহত ব্যক্তির বাড়ি থেকে লাশ উদ্ধার করে।

স্থানীয় লোকজন জানান, গতকাল দুপুরে তৃপ্তি মণ্ডল প্রতিবেশী এক নারীকে সঙ্গে নিয়ে উপজেলার কৃষ্ণবাটি গ্রামের মাঠে গরুর জন্য ঘাস সংগ্রহ করতে যান। ঘাস সংগ্রহের পর বাড়ি ফিরছিলেন তাঁরা। বেলা দেড়টার দিকে মাঠের শেষ প্রান্তে পৌঁছানোর সঙ্গে সঙ্গে সেখানে আগে থেকে অবস্থান নেওয়া শংকর মল্লিক তাঁদের পথ রোধ করেন। কথা–কাটাকাটির এক পর্যায়ে শংকর তৃপ্তিকে ধাক্কা মেরে ধানখেতে ফেলে দেন। এরপর হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে তৃপ্তির ঘাড় ও মাথায় এলোপাতাড়ি কোপাতে থাকেন। এ সময় তৃপ্তির সঙ্গে থাকা নারী বাধা দিতে গেলে শংকর তাঁকে হত্যার ভয় দেখান।

স্থানীয় লোকজন গুরুতর আহত তৃপ্তি মণ্ডলকে উদ্ধার করে প্রথমে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেন। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে স্বজনেরা তাঁকে ঢাকার উদ্দেশে রওনা দেন। পথে সন্ধ্যা ছয়টার দিকে গোপালগঞ্জের ভাটিয়াপাড়া এলাকায় পৌঁছালে তিনি মারা যান।

কৃষ্ণবাটি এলাকার কয়েকজন জানিয়েছেন, তৃপ্তির স্বামী অবনিশ মণ্ডল পেশায় ভ্যানচালক। এই দম্পতির দুটি সন্তান রয়েছে। শংকর মল্লিক বিবাহিত এবং তাঁর একটি কন্যাসন্তান রয়েছে। তৃপ্তি ও শংকরের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পর্ক চলছিল। সম্প্রতি শংকর তাঁকে ঘরে তুলতে চাইলে তৃপ্তি তাঁর কাছে ভিটেবাড়ি লিখে দেওয়ার দাবি করেন। শংকর রাজি না হওয়ায় তাঁদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধের জেরে শংকর ধারালো অস্ত্র দিয়ে তৃপ্তিকে হত্যা করে থাকতে পারেন।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবলুর রহমান খান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সম্পর্কের জেরে শংকর মল্লিক গতকাল দুপুরে গৃহবধূ তৃপ্তি মণ্ডলকে কুপিয়ে আহত করেছেন। সন্ধ্যায় ঢাকায় নেওয়ার পথে তিনি মারা গেছেন। গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin