যশোরে পরকীয়ার জেরে গৃহবধূকে কুপিয়ে হত্যা

যশোরে পরকীয়ার জেরে গৃহবধূকে কুপিয়ে হত্যা

যশোরের মণিরামপুরে পরকীয়ার জেরে তৃপ্তি রাণী (৪০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রেমিকের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে ঘাস কেটে মাঠ থেকে ফেরার পথে শংকর নামে এক যুবক তাকে কুপিয়ে আহত করেছেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তৃপ্তি রাণী (৪০) উপজেলার কৃষ্ণবাটি দক্ষিণপাড়ার অবনিশ মল্লিকের স্ত্রী। অভিযুক্ত শংকর নিহতের প্রতিবেশী। ঘটনার পর শংকর এলাকা ছেড়ে পালিয়েছে।

কৃষ্ণবাটি এলাকার সাবেক ইউপি সদস্য সাধন দাস বলেন, তৃপ্তির স্বামী অবনিশ পেশায় ভ্যানচালক। এ দম্পতির একটি সন্তান রয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশের এক নারীর সঙ্গে মাঠ থেকে ঘাস কেটে বাড়ি ফিরছিলেন তৃপ্তি। পথে শংকর তাদের গতিরোধ করে। এসময় কথা কাটাকাটির এক পর্যায়ে শংকর তৃপ্তিকে ধাক্কা মেরে ফেলে দিয়ে হাতে থাকা ধারাল অস্ত্র দিয়ে তৃপ্তির ঘাড়ে ও মাথায় এলোপাতাড়ি কোপাতে থাকে। তখন তৃপ্তির সঙ্গে থাকা নারী বাধা দিতে গেলে তাকেও হত্যার ভয় দেখায় শংকর।

সাধন দাস বলেন, খবর পেয়ে দ্রুত তৃপ্তি রাণীকে মণিরামপুর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসক তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে স্বজনরা তৃপ্তিকে নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে নড়াইল এলাকায় পৌঁছালে সন্ধ্যায় তৃপ্তির মৃত্যু হয়। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে তৃপ্তির সঙ্গে শংকরের পরকীয়া চলছিল। এটি নিয়ে এলাকায় গুঞ্জন ছিল। এক পর্যায়ে শংকর তৃপ্তিকে ঘরে তুলতে চান। তখন তৃপ্তি শংকর কাছে তার ভিটা বাড়ি দাবি করে। শংকর তাতে রাজি না হওয়ায় তাদের দুজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। যার জেরে তৃপ্তিকে খুন করেছে শংকর। মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, পরকীয়া সম্পর্কের জেরে শংকর নামে এক ব্যক্তি গৃহবধূকে কুপিয়ে আহত করে। পরে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

মিলন রহমান/আরএইচ/জিকেএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin