যশোরে ট্রাকের বাঁশ ঢুকে গেল বাসে, এসআইসহ নিহত ৩

যশোরে ট্রাকের বাঁশ ঢুকে গেল বাসে, এসআইসহ নিহত ৩

যশোরের বাঘারপাড়া উপজেলায় মহাসড়কের ওপর দাঁড়িয়ে থাকা বাঁশবোঝাই ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে এক পুলিশ কর্মকর্তা ও স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় নেতা আছেন।

গতকাল রোববার রাত ১০টার দিকে উপজেলার ভাঙ্গুড়া বাজারের পূর্ব পাশে তুলারামপুর সেতুর কাছে যশোর-নড়াইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন যশোর সদর উপজেলার ভেকুটিয়া গ্রামের স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসাধারণ সম্পাদক আবু জাফর (৩৫), উপজেলার বসুন্দিয়া গ্রামের ট্রাকশ্রমিক আক্তার হোসেন (৫০) ও বাঘারপাড়া উপজেলার পুকুরিয়া গ্রামের নিক্কন আঢ্য (২৮)। নিক্কন আঢ্য নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া তদন্ত কেন্দ্রে উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নড়াইলের তুলারামপুর হাইওয়ে পুলিশ জানায়, মহাসড়কের বাঁ পাশে বাঁশবোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে যশোরগামী নড়াইল এক্সপ্রেসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। ধাক্কায় বাসের সামনের কাচ ভেঙে বাঁশের পেছনের অংশ বাসের ভেতরে ঢুকে যায়। এতে ঘটনাস্থলে মারা যান বাসযাত্রী আক্তার হোসেন।

পরে হাইওয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় আবু জাফর ও এসআই নিক্কন আঢ্যকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। জরুরি বিভাগের চিকিৎসক আবু জাফরকে মৃত ঘোষণা করেন। নিক্কন আঢ্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

তুলারামপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুল ইসলাম দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, যাত্রীবাহী বাস ও বাঁশবোঝাই ট্রাক জব্দ করা হয়েছে। কিন্তু বাস ও ট্রাকের চালক এবং চালকের সহকারীরা পালিয়ে গেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin