যত দিন রাষ্ট্র থাকবে, রাজনীতি থাকবে, তত দিন ষড়যন্ত্র থাকবে: গয়েশ্বর

যত দিন রাষ্ট্র থাকবে, রাজনীতি থাকবে, তত দিন ষড়যন্ত্র থাকবে: গয়েশ্বর

নির্বাচনকে বানচাল করার জন্য নানামুখী ষড়যন্ত্র থাকবেই। পূজাকে কেন্দ্র করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হতে পারে। যত দিন রাষ্ট্র থাকবে, যত দিন রাজনীতি থাকবে, তত দিন ষড়যন্ত্র থাকবে। সব ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য রাজনীতিবিদদের দূরদর্শিতার পরিচয় দেওয়া প্রয়োজন।

আজ সোমবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের মির্জাপুর এলাকায় নিজ বাড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দলীয় নেতা-কর্মী ও কেরানীগঞ্জবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘দেশের হাজার হাজার পূজামণ্ডপের মধ্যে এখন পর্যন্ত আমরা কোনো নেতিবাচক দিক দেখতে পাচ্ছি না। আমরা আশা করছি, শান্তিপূর্ণভাবেই শারদীয় দুর্গা উৎসব উদ্‌যাপিত হবে।’

আসন্ন নির্বাচন নিয়ে গয়েশ্বর চন্দ্র রায়ের ভাষ্য, অন্তর্বর্তী সরকার নির্বাচন নিয়ে জাতির সামনে যে অঙ্গীকার করেছে, তাতে যদি তারা অনড় থাকে, তাহলে কেউ নির্বাচন আটকে রাখতে পারবে না। নির্বাচন না হওয়ার আশঙ্কা যারা তৈরি করছে, তারা সাম্প্রদায়িক দুশমন।

একটি প্রতিবেশী রাষ্ট্র দেশের নির্বাচনকে বানচাল করার জন্য একটি সাম্প্রদায়িক শক্তিকে ব্যবহার করছে দাবি করে গয়েশ্বর বলেন, ‘এই সাম্প্রদায়িক দুশমন যদি শক্তি সঞ্চয় করে, তাহলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র—সবকিছু ধ্বংস হয়ে যাবে। তাই আমরা যাঁরা রাজনীতি করি, তাঁরা যদি ঐক্যবদ্ধ থাকি এবং সরকারের যদি দৃঢ়তা থাকে, তাহলে নির্ধারিত সময়ে নির্বাচন করতে হবে। এই সরকার যদি ব্যর্থ হয়, তাহলে এমন একটি অজানা আশঙ্কার উদ্ভব ঘটবে এবং এমন ধরনের ঘটনা ঘটবে, যা জাতি কখনো প্রত্যাশা করে না।’

গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়িতে দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করতে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘গয়েশ্বর চন্দ্র রায়ের পরিবার বড় পরিসরে ধুমধাম করে শারদীয় দুর্গোৎসব পালন করে। তাই আমি আজ তাঁদের পূজার শুভেচ্ছা জানাতে এসেছি। পূজার সময় গয়েশ্বর রায় ও তাঁর পুত্রবধূ নিপুণ রায় আশপাশের পূজামণ্ডপ পরিদর্শন করেন, যাতে তাঁরা উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে পূজা পালন করতে পারেন। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব সম্প্রদায় মিলে আমরা একটি পরিবার। এ দেশ আমাদের সবার।’

বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে সেলিমা রহমান বলেন, ‘১৭ বছর আমরা খুন, গুম, হামলা, মামলা, অত্যাচার ও নিপীড়নের শিকার হয়েছি। বিগত সরকার হিন্দু সম্প্রদায়কে তাদের ভোটার বলত। অথচ বাস্তবে তারাই হিন্দু সম্প্রদায়ের মানুষদের সম্পদ লুটপাট, তাদের অসম্মান ও হেয় করত। আমরা ১৭ বছর আন্দোলন করে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছি। এই ১৭ বছরে মানুষের নৈতিক মূল্যবোধ ধ্বংসের দিকে গেছে। তাই আজ চারদিকে বিশৃঙ্খলা ও অরাজকতা। আমাদের প্রত্যাশা, নির্বাচনের পর তরুণেরা বাংলাদেশের শিকড়কে ধারণ করে সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বিনির্মাণ করবে, যাতে ধর্ম-বর্ণনির্বিশেষে সবাই শান্তিতে বসবাস করতে পারে।’

দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিনাত ফৌজিয়ার নেতৃত্বে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। এ সময় গয়েশ্বর রায়ের পুত্রবধূ ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি নিপুণ রায় উপস্থিত থেকে অতিথিদের স্বাগত জানান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানার সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া, বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক মো. জামালউদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ, সাবেক ছাত্রনেতা রিয়াজ উদ্দিন আহমেদ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী, ঢাকা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোকাররম হোসেন এবং ঢাকা জেলা কৃষক দলের আহ্বায়ক জুয়েল মোল্লা প্রমুখ।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin