যুক্তরাষ্ট্রে অবৈধ এক অভিবাসীর হাতে ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার শাসনামলে অবৈধ অভিবাসী অপরাধীদের কঠোর হাতে দমন করা হবে বলেও হুঁশিয়ার করেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
ডালাস অঙ্গরাজ্যের পুলিশ জানিয়েছে, গত ১০ সেপ্টেম্বর ডাউনটাউন সুইটস মোটেলে ৫০ বছর বয়সী চন্দ্র মৌলি নাগমাল্লাইয়া তারই সহকর্মী ইয়োরদানিস কোবোস-মার্টিনেজের হাতে নিহত হন। একটি ভাঙা ওয়াশিং মেশিন নিয়ে তর্কের একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তি মাশেটে (দা) দিয়ে কুপিয়ে হত্যা করেন। ঘটনার সময় নিহতের স্ত্রী ও সন্তান সেখানে উপস্থিত ছিলেন।
নিজ মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, আমার শাসনামলে অবৈধ অভিবাসী অপরাধীদের প্রতি নরম হওয়ার সময় শেষ।
মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের তথ্য অনুযায়ী, কোবোস-মার্টিনেজ অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। তার বিরুদ্ধে বহিষ্কারের চূড়ান্ত আদেশ থাকলেও অপরাধমূলক রেকর্ডের কারণে কিউবা তাকে ফেরত নিতে অস্বীকৃতি জানায়। এ কারণে নজরদারির শর্তে গত জানুয়ারিতে তাকে মুক্তি দেওয়া হয়।
ট্রাম্প বলেন, অভিযুক্তকে ফার্স্ট ডিগ্রি হত্যা মামলায় (ইচ্ছাকৃত ও পরিকল্পিত হত্যাকাণ্ড) সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। আগের বাইডেন প্রশাসনের তীব্র সমালোচনা করে তিনি বলেন, কোবোস-মার্টিনেজ অতীতে শিশু নির্যাতনসহ একাধিক অপরাধে গ্রেফতার হলেও তাকে ছেড়ে দেওয়া হয়।
নাগমাল্লাইয়া ভারতের কর্ণাটক রাজ্যের বাসিন্দা ছিলেন। তিনি বেঙ্গালুরুতে পড়াশোনা শেষ করে ২০১৮ সালে যুক্তরাষ্ট্রে যান। পরিবারের সঙ্গে তিনি ডালাসে বসবাস করছিলেন। তার ছেলে সম্প্রতি উচ্চবিদ্যালয়ের পড়াশোনা সম্পন্ন করে কলেজে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছে।
মার্কিন কর্তৃপক্ষ জানায়, হত্যার পর অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগীর মাথা লাথি মেরে মাঠে বলের মতো ঘোরাতে থাকে। বর্তমানে সে ডালাস কাউন্টি জেলে আটক আছে।
পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে ১৩ সেপ্টেম্বর টেক্সাসের ফ্লাওয়ার মাউন্ডে নাগমাল্লাইয়ার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।