৪৩ বছর পর সাড়ে তিন একর জমি ফিরে পেলেন মালিক

৪৩ বছর পর সাড়ে তিন একর জমি ফিরে পেলেন মালিক

লক্ষ্মীপুরের রায়পুরে ৪৩ বছর পর প্রায় সাড়ে তিন একর জমি আদালতের মাধ্যমে ফিরে পেলেন প্রকৃত মালিক।

সোমবার (১৩ অক্টোবর) দিনব্যাপী ঢাকঢোল পিটিয়ে জমির মালিক বাহার পাটোয়ারীদের বুঝিয়ে দেয় আদালতের প্রতিনিধিদল। রায়পুর উপজেলার ১০ নম্বর রায়পুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আইয়ুব পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আদালতের প্রতিনিধিদল সকালে ঘটনাস্থলে এসে জমির পরিমাপ করে। পরে লাল নিশানা গেড়ে জমি হস্তান্তরের কাজ সম্পন্ন করা হয়।

আদালত সূত্র জানায়, রায়পুর উপজেলার কাজীর চর মৌজার ৩৫৬ শতাংশ জমি নিয়ে মৃত আবিদ, তসলিম, সিরাজ, মমতাজ ও বিল্লালদের মধ্যে বিরোধ চলে আসছিল। ১৯৮৩ সালে আবিদ ও হানিফরা বাদী হয়ে লক্ষ্মীপুর সহকারী জজ আদালতে দেওয়ানি মামলা করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০০৪ সালে আদালত আবিদ ও হানিফদেরকে জমির মালিক হিসেবে ঘোষণা দেন।

রায়ের পর প্রতিপক্ষ হাইকোর্টে আপিল করলেও তা খারিজ হয়ে যায়। পরে আদালতের নির্দেশে প্রশাসন জমিটি উচ্ছেদ করে প্রকৃত মালিকদের দখলে দেয়।

জমি বুঝিয়ে দিতে আদালতের পক্ষে জেলা জজ আদালতের নাজির হুমায়ুন কবির, সার্ভেয়ার আব্দুর রহিম এবং পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

বাদী হানিফের ছেলে বাহার পাটোয়ারী বলেন, ‘৪৩ বছর পর আদালতের সহায়তায় জমি ফিরে পেয়েছি। এ জমির জন্য আমার দাদা আইয়ুব আলি ও চাচা লনি মিয়া হত্যার শিকার হন। তখন ছয়টি গরুও মেরে ফেলা হয়। এখন ন্যায়বিচার পেয়ে আদালতের প্রতি আমাদের শ্রদ্ধা আরও বেড়ে গেছে।’

জেলা জজ আদালতের নাজির হুমায়ুন কবির বলেন, ‘আদালতের নির্দেশ অনুযায়ী ঢাকঢোল পিটিয়ে জমি বুঝিয়ে দেওয়া হয়েছে। তবে উচ্ছেদ অভিযান এখনো পুরোপুরি শেষ হয়নি।’

কাজল কায়েস/এসআর/জেআইএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin