৬০ ফিট সড়কের যানজট নিরসনে নতুন সংযোগ সড়ক নির্মাণ করছে ডিএনসিসি

৬০ ফিট সড়কের যানজট নিরসনে নতুন সংযোগ সড়ক নির্মাণ করছে ডিএনসিসি

রাজধানীর মিরপুরবাসীর দীর্ঘদিনের যানজট ও জনদুর্ভোগ কমাতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ৬০ ফিট সড়ককে সরাসরি মিরপুরের প্রধান সড়কের সঙ্গে যুক্ত করার জন্য নতুন সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে ৬০ ফিট সড়কের উত্তর প্রান্তে অবস্থিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। 

এ সময় ডিএনসিসির ১৩ নম্বর ওয়ার্ডের গৃহায়ণ ও গণপূর্ত বিভাগের নামে সিটি জরিপে রেকর্ডকৃত ৮০৮০০ ও ৪০৪৫৬ দাগের জমি থেকে অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।

উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। এ সময় তিনি বলেন, ‘১৭ বছর ধরে ৬০ ফিট রোডের যানজট নিরসনে কোনও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। আমরা জনদুর্ভোগ লাঘবে এই স্থানে অবৈধ দখল উচ্ছেদ করে সংযোগ সড়ক নির্মাণের কাজ শুরু করেছি।’

তিনি আরও বলেন, ‘আশা করি আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের আগেই কাজ সম্পন্ন করে সড়কটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।’

আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার থেকে শুরু হওয়া ৬০ ফিট সড়কটি এতদিন মিরপুর-১০ থেকে মিরপুর-২ নম্বরগামী প্রধান সড়কের সঙ্গে যুক্ত হওয়ার আগেই শেষ হয়ে যেত। ফলে যানবাহনকে ডানদিকে সরু পথে মোড় নিতে হতো, যেখানে দুই দিকের ট্রাফিক চলাচলের কারণে সারাদিনই যানজট লেগে থাকতো।

এই সমস্যার স্থায়ী সমাধানে ডিএনসিসি এখন বাম পাশ দিয়ে একটি নতুন সংযোগ সড়ক নির্মাণ করছে, যা মিরপুর ২ পোস্ট অফিসের পাশ দিয়ে মিরপুরের মূল সড়কের সঙ্গে মিলবে। এতে ৬০ ফিট সড়কের যানবাহন একমুখী লেনে সরাসরি মিরপুরের প্রধান সড়কে প্রবেশ করতে পারবে।

উচ্ছেদ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দীন, অঞ্চল-৪-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দীন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. মমতাজ মহলসহ ডিএনসিসির অন্যান্য কর্মকর্তারা।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin