স্বৈরাচারবিরোধী জুলাই আন্দোলনে নিহত আবু সাঈদ ও মীর মুগ্ধর স্মরণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে টাইব্রেকারে হারিয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) ।
শুক্রবার (৩১ অক্টোবর) রাতে বসুন্ধরা স্পোর্টস সিটির ফুটবল অনুশীলন মাঠে ন্যাশনাল ইয়ুথ অ্যালায়েন্স বাংলাদেশের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও বিইউপির মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচে নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্রর পর টাইব্রেকারে ফল নিষ্পত্তি হয়েছে। টাইব্রেকারে জয় পায় বিইউপি।
প্রীতি ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে দুই দলের মধ্যে পুরস্কার তুলে দেন তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. তৌফিকুল ইসলাম মিথিল, আবু সাঈদের বাবা মো. মকবুল হোসেন ও মীর মুগ্ধের বাবা মীর মোস্তাফিজুর রহমান।
এসময় মির্জা ফখরুল বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের দুই আইকন ও অগ্রণী সৈনিক আবু সাঈদ ও মীর মুগ্ধ তারাসহ যারা এ আন্দোলনে নিহত হয়েছেন—তাদের স্মরণ রাখতে হবে। ঐক্যবদ্ধ হয়ে তাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।’