আচরণবিধি ভঙ্গের দায়ে সুরিয়াকুমার ও রউফকে আইসিসির জরিমানা

আচরণবিধি ভঙ্গের দায়ে সুরিয়াকুমার ও রউফকে আইসিসির জরিমানা

এশিয়া কাপের ফাইনালে ভারত ও পাকিস্তানের মধ্যকার মহারণের আগেই মাঠের বাইরের ঘটনায় উত্তাপ ছড়িয়েছে। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুই দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। রাজনৈতিক মন্তব্য করে শাস্তির মুখে পড়েছেন ভারতীয় অধিনায়ক সুরিয়াকুমার যাদব, অন্যদিকে আগ্রাসী আচরণের জন্য দন্ডিত হয়েছেন পাকিস্তানি পেসার হারিস রউফ।

ইএসপিএন ক্রিকইনফোর খবরে বলা হয়েছে, ভারত ও পাকিস্তানের তিন ক্রিকেটারের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে দুবাইয়ে বুধবার (২৬ সেপ্টেম্বর) শুনানি অনুষ্ঠিত হয়েছে। শুনানি শেষে আইসিসির ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন সুরিয়াকুমার ও রউফকে ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা করেছেন।

মূলত, দুই ক্রিকেটারের জরিমানা হয়েছে ভিন্ন দুটি ম্যাচের ঘটনায়। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) অভিযোগ দেয় রউফ ও ফারহানের নামে। ২১ সেপ্টেম্বর এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে রউফ ভারতীয় সমর্থকদের উদ্দেশে আঙুল দিয়ে ‘৬–০’ সংকেত দেখান এবং বিমান ভূপাতিত হওয়ার অঙ্গভঙ্গি করেন, যা ভারতের সামরিক বাহিনীকে কটাক্ষ বলে দাবি করেন দেশটির সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা।

অন্যদিকে, ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর ভারত অধিনায়ক সুরিকুমার সংবাদ সম্মেলনে তার দলের জয় ভারতের সামরিক বাহিনীকে উৎসর্গ করেন। মে মাসে ভারত–পাকিস্তানের মধ্যে চলা ৪ দিনের সামরিক সংঘাত টেনে মন্তব্য করায় সুরিয়াকুমারের বিরুদ্ধে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অভিযোগ দায়ের করে।

তবে, অর্ধশতক করার পর ‘গান-ফায়ার’ উদযাপনের জন্য অভিযুক্ত সাহিবজাদা ফারহান তার বিরুদ্ধে আনা অভিযোগ এবং এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকার বিষয়টি পুরোপুরি অস্বীকার করেন। তিনি নিজের পক্ষে যুক্তি দিয়ে বলেন, ‘এই উদযাপন রাজনৈতিক প্রকৃতির ছিল না; আমি ভারতকে লক্ষ্য করে এই উদযাপন করিনি।

উল্লেখ্য, রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের মেগা ফাইনালে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। টুর্নামেন্টটির ৪১ বছরের ইতিহাসে প্রথমবারের মত পাক-ভারত শিরোপা নির্ধারণী দ্বৈরথ দেখবে ক্রিকেট বিশ্ব।

/এমএইচআর

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin