বাবার বসতভিটায় বাড়ির কাজ করছিলেন অটোরিকশাচালক হারুনুর রশিদ (৪৫)। বাড়ির সীমানা নিয়ে বড় ভাই শেখ আহমদের সঙ্গে দ্বন্দ্ব চলছিল তাঁর। এ নিয়ে পারিবারিকভাবে সমঝোতার চেষ্টাও করছিলেন স্বজনেরা। এর মধ্যেই আজ শনিবার সকালে দুই ভাইয়ের মধ্যে এ নিয়ে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে চাচা হারুনুর রশিদের বুকে ছুরি চালিয়ে দেন শেখ আহমদের ছেলে মো. খোকা। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আজ বেলা ১১টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের খাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হারুনুর রশিদ খাসপাড়া এলাকার ছাবের আহমদের ছেলে। তিনি সিএনজিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
স্থানীয় লোকজন বলেন, বাড়ির সীমানা নিয়ে হারুনুর রশিদের সঙ্গে বড় ভাই শেখ আহমদের সঙ্গে বিরোধ চলছিল। আজ সকালে নির্মাণকাজ করার সময় শেখ আহমদ তাতে বাধা দেন। এ নিয়ে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে শেখ আহমদের ছেলে মো. খোকা অতর্কিত অবস্থায় হারুনের বুকে ছুরিকাঘাত করেন।
নিহত হারুনুর রশিদের ভাগনে মোহাম্মদ কাজল বলেন, বসতভিটার সীমানা বিরোধের জেরে মামাকে হত্যা করা হয়েছে। অথচ বিষয়টি নিয়ে পারিবারিকভাবে বৈঠকের আয়োজন চলছিল। এর মধ্যেই ছুরিকাঘাতে হত্যা করা হয় তাঁকে।
চকরিয়া থানার উপপরিদর্শক মো. আরাকান লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। তিনি প্রথম আলোকে বলেন, হারুনুর রশিদের বুকের বাঁ পাশে ছুরিকাঘাতের একটি চিহ্ন রয়েছে। শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন নেই।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার প্রথম আলোকে বলেন, বসতভিটার সীমানা বিরোধ নিয়ে হারুনুর রশিদকে হত্যা করা হয়েছে। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খুনিকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।