বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কনভেনশন ১৫৫, ১৮৭ ও ১৯০ এ স্বাক্ষর করায় অন্তর্বর্তী সরকারকে সাধুবাদ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এক বিবৃতিতে এ সাধুবাদ জানানো হয়।
আসক মনে করে, এই পদক্ষেপ বাংলাদেশের শ্রম অধিকার বিষয়ক একটি ঐতিহাসিক অগ্রগতি। বিশেষত কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্য (কনভেনশন ১৫৫), কর্মক্ষেত্রের নিরাপত্তার মান উন্নয়নে ও প্রচারনামূলক কাঠামো (কনভেনশন ১৮৭) এবং কর্মক্ষেত্রে সহিংসতা ও হয়রানি প্রতিরোধের (কনভেনশন ১৯০) মতো গুরুত্বপূর্ণ কনভেনশনগুলোতে স্বাক্ষর বাংলাদেশের শ্রমিকদের মর্যাদা, নিরাপত্তা ও ন্যায্য পরিবেশ নিশ্চিতের প্রতিশ্রুতিকে আন্তর্জাতিক পরিসরে সুদৃঢ় করেছে।
আসক আরও মনে করে, সরকার দ্রুত এই কনভেনশনগুলো জাতীয় আইন ও নীতিমালায় বাস্তবায়নযোগ্য রূপান্তর ঘটাবে এবং কর্মক্ষেত্রে হয়রানি, সহিংসতা ও দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক ব্যবস্থা জোরদার করবে। সরকারের বাস্তবায়ন প্রক্রিয়ায় শ্রমিক সংগঠন, নাগরিক সমাজ ও সংশ্লিষ্ট অংশীজনদের সক্রিয় সম্পৃক্ততা নিশ্চিত করবে।
আইন ও সালিশ কেন্দ্র (আসক) আশা করে, কনভেনশনগুলো বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ কর্মক্ষেত্রে নারী, প্রান্তিক ও অনানুষ্ঠানিক খাতের শ্রমিকসহ সব শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় কার্যকর পরিবর্তন আনতে সক্ষম হবে। এছাড়া বাংলাদেশের শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় এটি একটি ইতিবাচক ও আশাব্যঞ্জক সূচনা বলে মনে করে আসক।