শেষ দিনে ৫ টি রেকর্ড, সামিউল ও রোমানা সেরা

শেষ দিনে ৫ টি রেকর্ড, সামিউল ও রোমানা সেরা

২০টি নতুন জাতীয় রেকর্ডের মধ্য দিয়ে শেষ হয়েছে ম্যাক্স গ্রুপ ৩৪তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো । তিন দিনব্যাপী এই আসরে ৩৫টি স্বর্ণ, ২৩টি রৌপ্য ও ১১টি ব্রোঞ্জসহ মোট ৬৯টি পদক জিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। ১০টি স্বর্ণ, ২১টি রৌপ্য ও ২৯টি ব্রোঞ্জ পদক নিয়ে রানার্স আপ সেনাবাহিনী এবং ৪টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ৯টি ব্রোঞ্জ পদক নিয়ে তৃতীয় স্থান  বিকেএসপির। 

বৃহস্পতিবার মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সে এই প্রতিযোগিতার শেষ দিনে সাঁতারে ৯টি ইভেন্টের মধ্যে ৫টিতে নতুন জাতীয় রেকর্ড হয়েছে। 

গত তিন দিন নৌবাহিনীর সামিউল ইসলাম রাফি রেকর্ডের ছড়াছড়ি ঘটালেও শেষ দিনে আলো কেড়ে নেন তারই সতীর্থ সাঁতারু কাজল মিয়া। এদিন তিনি দুটি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড গড়েন। ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে ৪ মিনিট ৩৯.৮৬ সেকেন্ড সময় নিয়ে তিনি জুয়েল আহমেদের (২০২২ সালের রেকর্ড ৪ মিনিট ৪৬.১৩ সেকেন্ড) রেকর্ড ভাঙেন। একই দিনে ৪০০ মিটার ফ্রি স্টাইলে গত বছর নিজের করা রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েন ৪ মিনিট ৬.৪৪ সেকেন্ড সময় নিয়ে। সব মিলিয়ে এবারের জাতীয় সাঁতারে কাজল মিয়া মোট চারটি নতুন জাতীয় রেকর্ড করেন। তবে শেষ দিনে সামিউল ইসলাম রাফি তার ব্যক্তিগত ইভেন্ট ৫০ মিটার ফ্রি স্টাইলে সতীর্থ আসিফ রেজার কাছে হেরে দ্বিতীয় হন। 

নারী সাঁতারুদের মধ্যেও নতুন রেকর্ড হয়েছে। বিকেএসপির জুঁই আক্তার ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে ৫ মিনিট ৩৭.০১ সেকেন্ড সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়েন। এছাড়া নারীদের ৫০ মিটার ফ্রি স্টাইলে নৌবাহিনীর যুথী আক্তার এবং ৪*১০০ মিটার মিডলে রিলেতেও নতুন জাতীয় রেকর্ড হয়েছে। 

রেকর্ডের ধারাবাহিকতায় পুরুষ বিভাগে বাংলাদেশ নৌবাহিনীর সামিউল ইসলাম রাফি ৬টি স্বর্ণ ও ১টি রৌপ্য পদক (৬টি নতুন জাতীয় রেকর্ড) অর্জন করে ‘সেরা সাঁতারু’ নির্বাচিত হন। নারী বিভাগে বাংলাদেশ সেনাবাহিনীর রোমানা আক্তার ৫টি স্বর্ণ ও ৩টি রৌপ্য (৩টি নতুন জাতীয় রেকর্ড) পদক জিতে সেরা সাঁতারু নির্বাচিত হন। ডাইভিংয়ে পুরুষ বিভাগে নৌবাহিনীর ইমন হোসেন ১টি স্বর্ণ ও ১টি রৌপ্য পদক পেয়ে সেরা খেলোয়াড় এবং নারী বিভাগে বিকেএসপির নন্দিনী পাহান ৩টি স্বর্ণ পদক পেয়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। 

ওয়াটারপোলোতে বাংলাদেশ সেনাবাহিনী চ্যাম্পিয়ন এবং বাংলাদেশ নৌবাহিনী রানার্স আপ হয়েছে। ডাইভিংয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী এবং রানার্স আপ হয়েছে বিকেএসপি। 

প্রতিযোগিতা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। 

প্রধান অতিথির বক্তব্যে নৌবাহিনী প্রধান বলেন, ‘সাঁতার ফেডারেশনের প্রচেষ্টার ফলে আমাদের সাঁতারুরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চলেছে। আশা করছি সামনে আমরা আরও ভালো ফলাফল করতে পারবো। এসএ গেমসে ভালো করতে আমাদের প্রশিক্ষণ চলছে। উন্নত প্রশিক্ষণ পেলে আমাদের সাঁতারুরা আরও ভালো করবে। এবার ২০টি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড হয়েছে, যা আমাদের জন্য অনেক আনন্দের বিষয়। ম্যাক্স গ্রুপ জাতীয় সাঁতারে পৃষ্ঠপোষকতা করায় তাদের ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করি ম্যাক্স গ্রুপের মতো অন্য প্রতিষ্ঠানও আমাদের পাশে থাকবে।’ 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন। 

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin