অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে শনিবার (২২ নভেম্বর) বেলা ১২টায় মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। চীনের চংকিংয়ে ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ তিমুর লেসেথে। প্রতিপক্ষ সম্পর্কে তেমন ধারণা না থাকলেও নিজেদের খেলাটা খেলে সামনের দিকে এগিয়ে যেতে চায় গোলাম রব্বানী ছোটনের দল। লক্ষ্য তাদের বাছাই পর্ব পেরোনো।
শুক্রবার (২১ নভেম্বর) সেখানে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের কোচ বলেছেন, এখানে ছেলেরা খুব খুশি। বাছাই পর্ব খেলার জন্য মুখিয়ে আছে। এখানে সবাই ভালো দল। চীন এবং বাহরাইনে তাদের ভালো ফুটবল অবকাঠামো আছে। আমরা এখানে, আর বাকি যারা আছি, তারা হলো— পূর্ব তিমুর, ব্রুনাই এবং শ্রীলঙ্কা। তারাও উন্নতি করছে।
আমরা নিজেদেরকে ফোকাস করবো, আমাদের গেম প্ল্যানে আমরা থাকবো। আমরা ম্যাচ বাই ম্যাচ ধারাবাহিকভাবে ভালো খেলার চেষ্টা করবো। আর আমরা এখানে কোয়ালিফাই করার জন্য এখানে আসছি।
প্রতিপক্ষ নিয়ে নারী ফুটবলে একসময়ের সফল কোচ বলেন, তিমুর লেসেথের সঙ্গে আমরা বয়সভিত্তিক পর্যায়ে খেলিনি। তাদের খেলা বোঝার জন্য ভিডিও খোঁজার চেষ্টা করেছি, কিন্তু তেমন একটা ভিডিও পাওয়া যায়নি। তাদের সম্পর্কে ধারণা কম। কিন্তু আমরা আমাদের টিম প্ল্যান অনুযায়ী খেলবো এবং জয়ের জন্য মাঠে নামবো।
অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল আশাবাদী কণ্ঠে বলেন, আমরা শনিবার প্রথম ম্যাচে মাঠে নামবো। আমাদের প্রতিপক্ষ হচ্ছে তিমুর লেসেথে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই ম্যাচ ভালো করতে পারি। ধাপে ধাপে ভালো করে আমরা যেন এখান থেকে ভালো একটা রেজাল্ট নিয়ে দেশে ফিরে যেতে পারি।
এরপরই যোগ করেন, বর্তমানে বাংলাদেশ ফুটবলটা যেভাবে এগিয়ে যাচ্ছে, সিনিয়র টিম যেভাবে নিজেদেরকে প্রমাণ করছে—ইনশাআল্লাহ, আমরাও সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাই। আমরাও এখানে প্রথম ম্যাচটা জয় দিয়ে শুরু করবো।