পার্বত্য খাগড়াছড়ি জেলার সদর উপজেলার পান বাজার এলাকায় একটি টিনশেড গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জেলা কমান্ড্যান্ট জনাব মো. আরিফুর রহমানের নির্দেশনায়, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার তত্ত্বাবধানে প্রথম রেসপন্স হিসেবে ১৩ জন হিল আনসার সদস্য ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিকভাবে উদ্ধার ও অগ্নি নিয়ন্ত্রণের কাজ শুরু করেন।
পরবর্তী সময়ে দ্বিতীয় রেসপন্স হিসেবে খাগড়াছড়ি আনসার ব্যাটালিয়নের ২৩ জন আনসার সদস্য, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের সঙ্গে মিলিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আনসার ও ভিডিপির দাবি, “দ্রুত, সমন্বিত ও সাহসী প্রচেষ্টায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। কোনও হতাহতের ঘটনা ঘটেনি।”
প্রাথমিক ধারণা অনুসারে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আগুনে প্রথম গোডাউনসহ পার্শ্ববর্তী আরও তিনটি গোডাউনের মালামাল সম্পূর্ণভাবে পুড়ে গেছে। তবে লোকজনের নিরাপত্তা বজায় থাকায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের প্রত্যন্ত অঞ্চলে সবসময় মানুষের পাশে দাঁড়ানোর জন্য পরিচিত। দুর্যোগ, অগ্নিকাণ্ড, এবং অন্যান্য জরুরি পরিস্থিতিতে তারা মানবিক সেবা এবং নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সংস্থাটির উপপরিচালক (গণসংযোগ) মো. আশিকউজ্জামান সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, “আমাদের সদস্যদের তাৎক্ষণিক পদক্ষেপ ও নিষ্ঠা স্থানীয় জনগণের জন্য প্রশংসার যোগ্য। এ ধরনের কার্যক্রম ‘গণমানুষের বাহিনী’ হিসেবে আনসার-ভিডিপির ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করছে।”