এই আপিল বিভাগ আওয়ামী লীগের আমলের মত আচরণ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন।
সোমবার (১০ নভেম্বর) সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বেঞ্চে তিনি এমন মন্তব্য করেন।
এ সময় জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী হওয়া হত্যা মামলায় রংপুর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুল হক প্রামাণিকের জামিন শুনানি চলছিল। শুনানিতে জামিন দেওয়ার জন্য আপিল বিভাগকে বার বার আরজি জানান ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। কিন্তু আপিল বিভাগ জামিন দিতে আপত্তি জানান।
এদিকে শুনানির এক পর্যায়ে ব্যারিস্টার খোকন বলেন, ‘আগের আওয়ামী লীগের সময় যাকে তাকে ট্যাগ দিয়ে এভাবে জামিন স্থগিত করা হতো। এখনও তাই হচ্ছে।’ পরে আপিল বিভাগ বলেন, ‘প্লিজ বসেন। এ মামলায় এখন আমরা জামিন দেবো না।’
এরপর আপিল বিভাগ হত্যা মামলায় রংপুর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুল হক প্রামাণিকের জামিন স্থগিত থাকবে বলে আদেশ দেন। তবে এরপরও আইনি লড়াই চালিয়ে যান প্রামাণিকের আইনজীবী। এক পর্যায়ে বিরক্ত হয়ে পাশের দুই বিচারপতির সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
জানা গেছে, মো. আব্দুল হক প্রামাণিক জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী হওয়া তিনটি হত্যা ও একটি হত্যা চেষ্টা মামলার আসামি। তিনি কলা ব্যবসায়ী মেরাজুল ইসলাম হত্যা মামলা, স্বর্ণ শিল্পী মুসলিম হত্যা মামলা ও সবজি ব্যবসায়ী সাজ্জাদ হোসেন হত্যা মামলার আসামি। এছাড়াও তিনি মমদেল হত্যাচেষ্টা মামলারও আসামি।
হাইকোর্টের আদেশে আব্দুল হক প্রামাণিক দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। তার পক্ষে আইনজীবী হিসেবে আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহেদ কামাল ইবনে খতিবসহ ২০-২৫ জন জামিন আবেদনে শুনানি করেন। শুনানি শেষে বিচারক দুইটি মামলায় তার জামিন মঞ্জুর করেন এবং অপর দুইটি হত্যা মামলায় জামিন নামঞ্জুর করে তাকে কেন্দ্রীয় কারাগার রংপুরে প্রেরণের নির্দেশ প্রদান করেন।