আশা ছাড়ছে না বাংলাদেশ, জাকের বললেন ‘চ্যাম্পিয়ন হওয়ার জন্যই এসেছি’

আশা ছাড়ছে না বাংলাদেশ, জাকের বললেন ‘চ্যাম্পিয়ন হওয়ার জন্যই এসেছি’

এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং ব্যর্থতার কারণেই বাংলাদেশ ম্যাচ থেকে ছিটকে যায় বলে জানিয়েছেন ব্যাটার জাকের আলী। টপ-অর্ডারের ব্যর্থতায় নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ মাত্র ১৩৯ রান তুলতে পারে।

বাংলাদেশের ইনিংস শুরুতেই ধসে পড়ে। টি-টোয়েন্টি ইতিহাসে প্রথমবারের মতো প্রথম দুই উইকেট শূন্য রানে হারায় তারা। এরপর মিডল-অর্ডারও সংগ্রাম করে, ৫৩ রানে ৫ উইকেট হারায় দল। শেষ পর্যন্ত জাকের আলী ৪১* এবং শামীম পাটোয়ারি ৪২ রান করে জুটি গড়লেও সেটি প্রতিপক্ষকে চাপে ফেলতে যথেষ্ট ছিল না।

ম্যাচ শেষে জাকের বলেন, ‘আমাদের ওপেনার ও তিন নম্বর ব্যাটার দলের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাদের দায়িত্বশীলভাবে খেলতে হবে। পাওয়ার প্লেতে প্রতি বলেই চার-ছয়ের চেষ্টা করার দরকার নেই। স্ট্রাইক রোটেট করে খেলা উচিত। পরিকল্পনা অনুযায়ী ও মনোযোগী হয়ে খেললে ফল ভালো হবে। ’

তিনি আরও বলেন, ‘আমরা সবাই মিলে খারাপ ব্যাটিং করেছি। কেবল আমি বা শামীম রান করেছি মানে এই নয় যে আমরা ভালো খেলেছি। দল হিসেবে আমরা ব্যর্থ হয়েছি। ’

জাকের জানান, বাতাসও বড় ভূমিকা রাখে। দুই দিকেই সহজে রান করা যায় না। তাই একপাশে মনোযোগ দিয়ে খেলার পরামর্শ দেন তিনি।

তবে এই হারের পরও আশা ছাড়তে নারাজ জাকের, ‘আমরা শুধু ম্যাচ খেলার জন্য আসিনি, চ্যাম্পিয়ন হওয়ার জন্য এসেছি। একটি ম্যাচ হারলেই আশা হারানো যায় না। পরের ম্যাচে জয়ের মানসিকতা নিয়েই মাঠে নামব। ’

এখনও বাংলাদেশের সামনে সুযোগ আছে। শ্রীলঙ্কা যদি হংকংকে হারায় এবং বাংলাদেশও আফগানিস্তানকে হারায়, তবে টাইগাররা পরের রাউন্ডে যাওয়ার সুযোগ পাবে।

এমএইচএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin