জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৫-২৬ করবর্ষের ব্যক্তি করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা এক মাস বাড়িয়েছে। বুধবার (১৯ নভেম্বর) জারি করা বিশেষ আদেশে রিটার্ন দাখিলের নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর নির্ধারণ করা হয়। রবিবার (২৩ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেছে এনবিআর।
এনবিআর জানায়, ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত জটিলতার কারণে যেসব করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করতে পারছেন না, তারা ১৫ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে যৌক্তিক কারণ উল্লেখ করে আবেদন করতে পারবেন।
চলতি বছর ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবীণ করদাতা, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, বিদেশে অবস্থানরত করদাতা, মৃত করদাতার আইনগত প্রতিনিধির মাধ্যমে রিটার্ন দাখিল এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ব্যতীত অন্যান্য সব ব্যক্তি শ্রেণির করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। তবে যেসব করদাতাকে বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, তারাও ইচ্ছা করলে ই-রিটার্ন দাখিল করতে পারবেন।
এনবিআর জানায়, করদাতার ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমেও এবার অনলাইনে রিটার্ন দাখিলের সুযোগ রয়েছে। বিদেশে অবস্থানরত করদাতারাও পাসপোর্ট, এনআইডি ও ই-মেইল ঠিকানা সম্পর্কিত তথ্য [email protected] -এ পাঠিয়ে ওটিপি ও রেজিস্ট্রেশন লিংক সংগ্রহ করে ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করতে পারছেন।
কোনও কাগজপত্র ছাড়াই আয়, ব্যয়, সম্পদ ও দায়ের তথ্য যুক্ত করে করদাতারা ঘরে বসেই ডেবিট/ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে কর পরিশোধ করে তাৎক্ষণিকভাবে অ্যাকনলেজমেন্ট স্লিপ ও আয়কর সনদ সংগ্রহ করতে পারছেন। ফলে দেশে-বিদেশে অবস্থানরত করদাতাদের কাছে ই-রিটার্ন দাখিল দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে।
ই-রিটার্ন দাখিলকে সহজ করতে এনবিআর এবারও করদাতা, কর আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস এবং চার্টার্ড সেক্রেটারিদের প্রশিক্ষণ দিয়েছে। পাশাপাশি ই-রিটার্ন সংক্রান্ত সহায়তার জন্য চালু করা হয়েছে বিশেষ কল সেন্টার নম্বর ০৯৬৪৩ ৭১ ৭১ ৭১। এছাড়া, www.etaxnbr.gov.bd ওয়েবসাইট এবং সারাদেশের কর অঞ্চলে স্থাপিত হেল্পডেস্ক থেকে করদাতারা প্রয়োজনীয় সেবা পাচ্ছেন।
এনবিআর জানায়, এ বছর ইতোমধ্যে ১৮ লাখের বেশি ব্যক্তি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন। নির্ধারিত সময়ের মধ্যে সব করদাতাকে ই-রিটার্নের মাধ্যমে রিটার্ন দাখিলের অনুরোধ জানিয়েছে সংস্থাটি।