আসন্ন আয়ারল্যান্ড টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। টেস্ট দলে ফিরেছেন ওপেনার মাহমুদুল হাসান জয়। নাজমুল হোসেন শান্ত দলের নেতৃত্বে থাকছেন।
টেস্টে এখন পর্যন্ত মাত্র ২২.৭৯ গড়ে রান করা ২৪ বছর বয়সী মাহমুদুল হাসান জয়কে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টেস্ট সিরিজে বাদ দেওয়া হয়েছিল। তবে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) দারুণ এক সেঞ্চুরি করার পর আবারও নির্বাচকদের আস্থায় ফিরেছেন তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে খেলা আগের দল থেকে বাদ পড়েছেন নাঈম হাসান, মাহিদুল ইসলাম ও এনামুল হক বিজয়। অন্যদিকে, বাঁহাতি স্পিনার হাসান মুরাদকে ১৪ সদস্যের দলে রাখা হয়েছে। যার এখনও টেস্ট অভিষেক হয়নি।
সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১১ নভেম্বর সিলেটে। আর দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ১৯ নভেম্বর ঢাকায়। টেস্ট সিরিজের পর দুই দল খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
বাংলাদেশ দল:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, এবাদত হোসেন চৌধুরী, হাসান মুরাদ।