এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচের পরই বাবা হারানোর দুঃসংবাদ পান লঙ্কান অলরাউন্ডার দুনিথ ওয়েল্লালাগে। তাতে শোকের ছায়া পড়ে লঙ্কান শিবিরে। বাবার মৃত্যু সংবাদে দুনিথ বৃহস্পতিবার রাতেই দলের ম্যানেজার মাহিন্দা হালাঙ্গোডের সঙ্গে শ্রীলঙ্কা ফেরেন। অবশ্য পরলোকগত বাবাকে গর্বিত করতেই হয়তো শোককে শক্তিতে পরিণত করতে চাচ্ছেন তিনি। শনিবার বাংলাদেশের বিপক্ষে সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই দলের সঙ্গে দুবাইয়ে যোগ দিচ্ছেন।
শ্রীলঙ্কা ক্রিকেট জানিয়েছে, শনিবার দুবাইয়ে বাংলাদেশের বিপক্ষে সুপার ফোরের প্রথম ম্যাচেই ওয়েল্লালাগে নির্বাচনের জন্য প্রস্তুত থাকবেন।
ম্যাচের দিন ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান দুনিথের বাবা সুরাঙ্গা ওয়েল্লালাগে। সেদিনই আফগানিস্তানের বিপক্ষে খেলেছিলেন ছেলে দুনিথ। আবুধাবিতে গ্রুপ–বি’র ম্যাচে আফগানিস্তানকে ছয় উইকেটে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করে শ্রীলঙ্কা। ম্যাচ শেষ হতেই বাবার মৃত্যুর সংবাদ পান দুনিথ। সঙ্গে সঙ্গে দেশে ফেরেন ২২ বছর বয়সী এ ক্রিকেটার।
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি ছিল ওয়েল্লালাগের মাত্র পঞ্চম টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ। তবে চলতি এশিয়া কাপের প্রথম ম্যাচ। ওই ম্যাচে বামহাতি স্পিনার ৪৯ রানে পান একটি উইকেট, তবে ব্যাটিং করার সুযোগ হয়নি। ওয়ানডে ফরম্যাটে এখন পর্যন্ত ৩১ ম্যাচ খেলেছেন তিনি। গত আগস্টে ভারতের বিপক্ষে কলম্বোতে তৃতীয় ওয়ানডেতে ক্যারিয়ারসেরা বোলিং করেন। ২৭ রানে নেন ৫ উইকেট। ২০২৩ সালের এশিয়া কাপেও ভারতের বিপক্ষে ৪০ রানে নিয়েছিলেন ৫ উইকেট। ওয়ানডে ফরম্যাটে হওয়া সেই টুর্নামেন্টে ১০ উইকেট নিয়ে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন তিনি। গড় ছিল ১৭.৯০।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচের পর এশিয়া কাপে শ্রীলঙ্কার বাকি দুই সুপার ফোরের ম্যাচ পাকিস্তানের বিপক্ষে ২৩ সেপ্টেম্বর এবং ভারতের বিপক্ষে ২৬ সেপ্টেম্বর।