শিক্ষক নিয়োগের দাবিতে ৬৫ কিলোমিটার পদযাত্রা ভারতের এক স্কুলের ছাত্রীদের

শিক্ষক নিয়োগের দাবিতে ৬৫ কিলোমিটার পদযাত্রা ভারতের এক স্কুলের ছাত্রীদের

ভারতের অরুণাচল প্রদেশের পাক্কি কেসাং জেলা। জেলা শহর থেকে নিয়াংনো নামের গ্রামটির দূরত্ব ৬৫ কিলোমিটার। দীর্ঘ এই পথ হেঁটে পাড়ি দিয়েছে অন্তত ৯০ জন স্কুলছাত্রী। উদ্দেশ্য একটাই—তাদের স্কুলে শিক্ষকের যে তীব্র সংকট চলছে, তার প্রতিবাদ জানানো।

ওই স্কুলের নাম কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়। বিদ্যালয়ের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এই পদযাত্রার আয়োজন করে। তাতে যোগ দেয় অন্য শ্রেণির শিক্ষার্থীরাও। গত রোববার নিয়াংনো গ্রাম থেকে বিদ্যালয়ের পোশাকেই যাত্রা শুরু করে তারা। এ সময় অনেকের হাতে ছিল ব্যানার, মুখে স্লোগান।

দীর্ঘ এই যাত্রা অনেক পরিশ্রমের জেনেও অন্য কোনো উপায় ছিল না—এমন দাবি শিক্ষার্থীদের। কারণ, বারবার আবেদন করার পরও তাদের ভূগোল ও রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক নিয়োগ দেয়নি বিদ্যালয় কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট কর্তাব্যক্তিরা। এতে পড়াশোনায় ব্যাঘাত ঘটছিল। পদযাত্রায় একটি ব্যানারে লেখা ছিল, ‘শিক্ষকবিহীন বিদ্যালয় শুধু একটি ভবন ছাড়া আর কিছুই নয়।’

রোববার শিক্ষার্থীদের এই পদযাত্রা শুরুর পর দিন গড়িয়ে রাত আসে। তা–ও থামেনি তারা। রাতভর হেঁটে সোমবার সকালে পৌঁছায় জেলা শহর লেমিতে। সেখানেও চলে শিক্ষক নিয়োগের দাবিতে স্লোগান। তারপরই আসে সফলতা। জেলার জ্যেষ্ঠ শিক্ষা কর্মকর্তা নিশ্চিত করেন, দাবি অনুযায়ী বিদ্যালয়টিতে ভূগোল ও রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক নিয়োগ দিতে রাজি হয়েছে শিক্ষা দপ্তর।

কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ের যাত্রা শুরু হয় ২০১১–১২ শিক্ষাবর্ষে। শিক্ষাপ্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছে ‘সেই দোনি চ্যারিটেবল ট্রাস্ট’ নামের একটি এনজিও। তাদের লক্ষ্য পিছিয়ে পড়া এলাকা ও সম্প্রদায়ের মেয়েদের কাছে শিক্ষার আলো পৌঁছানো। বর্তমানে বিদ্যালয়টিতে ৯০ জনের বেশি শিক্ষার্থী, অন্তত ১৩ জন শিক্ষক ও একজন প্রধান শিক্ষক রয়েছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ভূগোল ও রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষকসংকট রয়েছে সত্যি, তবে অন্যান্য বিষয়ে যথেষ্ট শিক্ষক রয়েছেন। অর্ধবার্ষিক পরীক্ষার আগে সব বিষয়ের পাঠ্যসূচি এরই মধ্যে শেষ করেছেন তাঁরা।

Comments

0 total

Be the first to comment.

৮৬৪ দিনে মোদির ৪৬ দেশ সফর, মণিপুরে থাকলেন মাত্র তিন ঘণ্টা: মোদিকে খোঁচা খাড়গের Prothomalo | ভারত

৮৬৪ দিনে মোদির ৪৬ দেশ সফর, মণিপুরে থাকলেন মাত্র তিন ঘণ্টা: মোদিকে খোঁচা খাড়গের

আড়াই বছর পর তিন ঘণ্টার মণিপুর সফরের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তুলাধোনা করলেন কংগ্রেস সভাপতি...

Sep 13, 2025

More from this User

View all posts by admin