বাসায় ফেরার পথে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

বাসায় ফেরার পথে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

সাভারে বাসায় ফেরার পথে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী (২৫) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে তিন জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাভার থানায় মামলা করেছেন ভুক্তভোগী ছাত্রী।

ভুক্তভোগী বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ছাত্রী। তার পরিবার সাভারের বিরুলিয়া ইউনিয়নের একটি এলাকায় ভাড়া থাকে।

মামলার আসামিরা হলো- সাভারের সোহেল রোজারিও (৩৭), বিপ্লব রোজারিও (৪০) ও মিঠু বিশ্বাস (৩৫)। তাদের মধ্যে সোহেলের বিরুদ্ধে ধর্ষণ এবং বিপ্লব ও মিঠুর বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতার অভিযোগ আনা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত মঙ্গলবার সন্ধ্যায় ওই ছাত্রী সাভারে এক ছাত্রকে প্রাইভেট পড়ানোর পর বাসায় ফেরেন। কিন্তু এসে দেখেন বাসা তালাবদ্ধ। খোঁজ নিয়ে জানতে পারেন, তার মা বাসায় তালা দিয়ে পাশের এক চা-দোকানির কাছে চাবি রেখে গেছেন। পরে দোকান থেকে চাবি নিয়ে হেঁটে বাসায় ফিরছিলেন তিনি। ফেরার পথে সোহেল রোজারিও তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। কিছুদূর যাওয়ার পর সোহেলের সঙ্গে অন্য দুই আসামির দেখা হয়। এরপর তারা ছাত্রীকে অনুসরণ করতে থাকে এবং বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকে। সন্ধ্যা ৭টার দিকে ভয়ভীতি দেখিয়ে নিজের বাসায় নিয়ে তাকে ধর্ষণ করে সোহেল। এতে সহযোগিতা করে অন্য দুই আসামি। ধর্ষণের পর সোহেল ঘটনা কাউকে জানালে হত্যার হুমকি দেন বলে এজাহারে উল্লেখ করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ও সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আ. ওয়াহাব বলেন, ‌‘শুক্রবার ভুক্তভোগী ছাত্রীর ডাক্তারি পরীক্ষা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।’

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, ‘আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে ঘটনাটি তদন্ত করছি। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

এদিকে বিইউপির শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদে শনিবার বিকালে রাজধানীর মিরপুর-১২ নম্বরে বিক্ষোভ করেন তার সহপাঠীরা। বিকাল সাড়ে ৫টার দিকে তারা মিছিল নিয়ে এসে কিছু সময়ের জন্য মিরপুর-১০ নম্বরে সড়ক অবরোধ করেন। পরে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেফতারের দাবি জানান। সেইসঙ্গে রবিবার বেলা ২টায় মিরপুর-১২ নম্বরে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছেন ভুক্তভোগীর সহপাঠীরা।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin