বেক্সিমকো টেক্সটাইল লিজ নিচ্ছে রিভাইভাল, কাজে ফিরবেন ২৫ হাজার শ্রমিক

বেক্সিমকো টেক্সটাইল লিজ নিচ্ছে রিভাইভাল, কাজে ফিরবেন ২৫ হাজার শ্রমিক

দীর্ঘদিন বন্ধ থাকা বেক্সিমকো টেক্সটাইল ডিভিশন পুনরায় চালু করতে যাচ্ছে জাপান–বাংলাদেশি ইথিক্যাল ফ্যাশন ও সাসটেইনেবিলিটি প্রতিষ্ঠান রিভাইভাল গ্রুপ কোম্পানি লিমিটেড ও রিভাইভাল প্রজেক্টস লিমিটেড।

কারখানাটি লিজ নিয়ে নতুন করে উৎপাদন শুরু হলে ২৫ হাজারের বেশি শ্রমিক আবার কাজে ফিরবেন; যা সাম্প্রতিক সময়ে দেশের শিল্পখাতে সবচেয়ে বড় কর্মসংস্থান পুনরুদ্ধারের ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক ইকোমিলি, যার প্রতিষ্ঠাতা প্রবাসী বাংলাদেশিরা। প্রথম ধাপে ২০ মিলিয়ন ডলার ব্যাক-টু-ব্যাক এলসি সুবিধা দেওয়া হবে; প্রয়োজন হলে তা ১০০ মিলিয়ন ডলার পর্যন্ত বাড়ানো হবে।

ঋণসংকটে বন্ধ, এবার ঘুরে দাঁড়ানোর সুযোগ

একসময় দেশের টেক্সটাইল খাতের শীর্ষ উৎপাদন কেন্দ্র ছিল বেক্সিমকো টেক্সটাইল। তিন দশক সফলভাবে উৎপাদনের পর হঠাৎ ঋণসংকটে বন্ধ হয়ে গেলে হাজারো শ্রমিক চাকরি হারান, আশপাশের এলাকার অর্থনীতি ভেঙে পড়ে। রিভাইভালের এই বিনিয়োগকে সেই বিপর্যয় থেকে ঘুরে দাঁড়ানোর বড় সুযোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

রিভাইভাল জানিয়েছে, কারখানাটি পূর্ণাঙ্গভাবে চালু করা হবে, পুরোনো ব্যবস্থাপনা দলকে ফিরিয়ে আনা হবে এবং আগের শ্রমিকদের পুনর্বহাল করা হবে। জাপানি–বাংলাদেশি মালিকানা থাকায় জাপানের শৃঙ্খলাভিত্তিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে জাপান থেকে অভিজ্ঞ কর্মকর্তাদের আনা হবে। স্বচ্ছতা নিশ্চিতে একটি বৈশ্বিক বিগ ফোর অডিট ফার্মও নিয়োগের পরিকল্পনা রয়েছে।

ক্রেতা ফিরিয়ে আনা ও ব্র্যান্ড উদ্ভাবনে জোর

কারখানা চালুর পাশাপাশি রিভাইভাল বাংলাদেশের টেক্সটাইল ও ফ্যাশন শিল্পে দীর্ঘমেয়াদি রূপান্তর আনতে চায়। প্রতিষ্ঠানটি বেক্সিমকোর পূর্বের আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে যোগাযোগ পুনরায় স্থাপন করবে এবং নতুন বৈশ্বিক অংশীদার যুক্ত করবে।

তাদের লক্ষ্য শুধু উৎপাদন নয়; বাংলাদেশকে সৃজনশীলতা ও ডিজাইন-ভিত্তিক ব্র্যান্ড উদ্ভাবনের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করা। তাদের স্লোগান— ‘লোকালি ডিজাইন, সেল গ্লোবালি’।

এ লক্ষ্যে দেশে উন্নতমানের প্রশিক্ষণ, আন্তর্জাতিক সার্টিফিকেট কোর্স এবং তরুণদের জন্য প্রথমবারের মতো একটি পূর্ণাঙ্গ ডিজাইন ইনস্টিটিউট গড়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। জাপান, যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিশেষজ্ঞরা সেখানে প্রশিক্ষণ দেবেন।

চুক্তি সই চলতি মাসেই

রিভাইভাল প্রজেক্টস লিমিটেড, জনতা ব্যাংক ও বেক্সিমকোর মধ্যে ত্রিপক্ষীয় লিজ চুক্তির খসড়া গত ৮ অক্টোবর জমা দেওয়া হয়েছে। আগামী মঙ্গলবার (১৮ নভেম্বর) জনতা ব্যাংকের বোর্ড সভায় খসড়া পর্যালোচনার পর সম্ভাব্যভাবে চলতি মাসেই চুক্তি সই হবে। রিভাইভাল ও ইকোমিলির শীর্ষ কর্মকর্তারা নভেম্বরের তৃতীয় সপ্তাহে ঢাকায় এসে আনুষ্ঠানিক অনুষ্ঠানে অংশ নেবেন।

শ্রমিকদের জীবনে নতুন আশা

রিভাইভালের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহ-প্রতিষ্ঠাতা হুদা মোহাম্মদ ফয়সাল বলেন,“এটা শুধু একটি কারখানার পুনরায় চালু নয়—হাজারো পরিবারের মর্যাদা ফিরিয়ে আনার উদ্যোগ।”

ইকোমিলির প্রেসিডেন্ট ড. ফারহান এস. করিম বলেন,“এটি ব্রেইন ড্রেইনের গল্প নয়, ব্রেইন গেইনের গল্প। দেশের শিল্পে নতুন প্রাণ দিতে পেরে আমরা গর্বিত।”

বেক্সিমকো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওসমান কায়সার চৌধুরী বলেন,“বন্ধ হওয়ার আগ পর্যন্ত ৪২ হাজার কর্মীর চাকরি রক্ষা ও রপ্তানি ধরে রাখা ছিল চ্যালেঞ্জ। রিভাইভালের উদ্যোগ কারখানাটিকে আবার ঘুরে দাঁড়াতে সাহায্য করবে।”

ডিসেম্বরেই উৎপাদন শুরু

পরিকল্পনা অনুযায়ী, ডিসেম্বর ২০২৫ থেকে উৎপাদন শুরু হলে ২৫ হাজারের বেশি শ্রমিক সরাসরি কাজে ফিরবেন। রিভাইভালের আশা—২০২৭ সালের মধ্যে বছরে প্রায় ৫০০ কোটি টাকা মুনাফা অর্জন সম্ভব হবে, যা বকেয়া ঋণ পরিশোধ এবং শিল্পটির স্থিতিশীলতা পুনরুদ্ধারে সহায়ক হবে।

জাপানের শৃঙ্খলা, যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তা এবং বাংলাদেশের শ্রমিকদের দক্ষতা মিলিয়ে বেক্সিমকো টেক্সটাইলের পুনর্জাগরণ দেশের শিল্পখাতে নতুন সম্ভাবনার দুয়ার খুলবে—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।

Comments

0 total

Be the first to comment.

এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি BanglaTribune | অর্থ-বাণিজ্য

এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) একযোগে ৫৫৫ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে।মঙ্গলবার (১৬ সেপ...

Sep 16, 2025
শিগগিরই ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম চালু করবে বাংলাদেশ ব্যাংক BanglaTribune | অর্থ-বাণিজ্য

শিগগিরই ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম চালু করবে বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক শিগগিরই একটি ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম চালুর উদ্যোগ নিয়েছে। বিল অ্যান্ড মেলিন্ডা...

Sep 15, 2025

More from this User

View all posts by admin