বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) প্ল্যাটফর্মে নিবন্ধন অধিদফতরের আরও পাঁচটি নতুন সেবা যুক্ত হয়েছে। এর ফলে বর্তমানে ওএসএসে মোট সেবার সংখ্যা দাঁড়াল ১৪২টি এবং অংশগ্রহণকারী সংস্থার সংখ্যা বেড়ে হলো ৪৭।
রবিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে নতুন সেবাগুলোর উদ্বোধন করা হয়।
নতুন যুক্ত হওয়া সেবাগুলো হলো— ভূমি ক্রয় দলিল, ইজারা দলিল, চুক্তিনামা নিবন্ধন দলিল, বায়না দলিল এবং আম-মোক্তারনামা দলিল ও নকল সরবরাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডার নির্বাহী চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি বলেন, ‘আগামী ১৬ ডিসেম্বরের পর থেকে নিবন্ধন অধিদফতরের এসব সেবা আর ম্যানুয়ালি প্রদান করা হবে না। তিন মাসের মধ্যে এর অগ্রগতি পর্যালোচনা করা হবে।’
চৌধুরী আশিক মাহমুদ আরও জানান, বিডা ও বেজাসহ দেশের সব বিনিয়োগ প্রমোশন এজেন্সির (আইপিএ) সেবা একক ডিজিটাল প্ল্যাটফর্মে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। চলতি বছরের শেষ নাগাদ ‘সিঙ্গেল উইন্ডো’ প্ল্যাটফর্ম চালু করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেন, ‘ভূমি মন্ত্রণালয়ের সব সেবা ইতোমধ্যে শতভাগ ডিজিটালাইজ করা হয়েছে। বাণিজ্যিকভাবে ভূমি মিউটেশন এক সপ্তাহের মধ্যে সম্পন্ন করার কাজ চলছে।’
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. লিয়াকত আলী মোল্লা বলেন, ‘সেবা প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা ও আন্তরিকতা নিশ্চিত করতে হবে। জনগণকে সেবার ফি সম্পর্কে স্পষ্টভাবে জানাতে হবে, যাতে হয়রানি বা তৃতীয় পক্ষের অনৈতিক হস্তক্ষেপ না ঘটে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নিবন্ধন অধিদফতরের মহাপরিদর্শক কাজী আবদুল হান্নান, বিডার মহাপরিচালক জীবনকৃষ্ণ সাহা রায় এবং নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব) শাহ মোহাম্মদ মাহবুব। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিডার উপ-পরিচালক আবু মুহাম্মদ নূরুল হায়াত টুটুল।
অনুষ্ঠানে বিডার নির্বাহী সদস্য, মহাপরিচালক ও পরিচালক পর্যায়ের কর্মকর্তা, আইন মন্ত্রণালয়ের কর্মকর্তা, জেলা রেজিস্ট্রার, সাব-রেজিস্ট্রার এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।