সাভারে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় করা মামলায় বিপ্লব রোজারিও নামে আরও এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। তিনি এই ধর্ষণ মামলার ২নং আসামি।
সোমবার (২০ অক্টোবর) বিকাল সোয়া ৩টার দিকে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি থেকে তাকে গ্রেফতার করে র্যাব-৪ এর একটি আভিযানিক দল।
বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৪ এর অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব আলম।
এরই মধ্যে এই মামলায় আরেক আসামি সোহেল রোজারিওকে গাজীপুরের কালিগঞ্জ এলাকা থেকে এবং তার সহযোগী মিঠু বিশ্বাসকে রাজধানীর তেজগাঁও তেঁজকুনিপাড়া এলাকা থেকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
গত ১৪ অক্টোবর সন্ধ্যায় টিউশনি থেকে বাসায় ফেরার পথে ধর্ষণের শিকার হন বিইউপির ওই ছাত্রী। পরে এ ঘটনায় ১৬ অক্টোবর ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে সাভার মডেল থানার ধর্ষণ মামলা করেন। মামলায় সোহেল রোজারিও, বিপ্লব রোজারিও ও মিঠু বিশ্বাসকে আসামি করা হয়।