জোবায়েদকে অশ্রুসিক্ত বিদায় জানালেন শিক্ষক-সহপাঠীরা

জোবায়েদকে অশ্রুসিক্ত বিদায় জানালেন শিক্ষক-সহপাঠীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আঙিনায় আজ এক অচেনা নীরবতা। গতকালও যে ছেলেটা ক্যাম্পাসে ঘুরে-বেড়িয়েছে, আজ সেই ছেলেটায় ক্যাম্পাসে এসেছে লাশবাহী গাড়িতে। দুপুরের রোদে বিজ্ঞান ভবনে শুধু কান্না আর স্তব্ধতা। বন্ধুরা কেউ দাঁড়িয়ে, কেউ বসে, কেউ পকেট থেকে টিস্যু বের করে চোখ মুছছে, কেউ নিঃশব্দে তাকিয়ে আছে লাশবাহী গাড়ির দিকে। জানাজার নামাজে অংশ নিতে আসা সহপাঠী, সিনিয়র-জুনিয়রদের মনে একটাই প্রশ্ন— এত ভালো, নম্র, পরিশ্রমী এক ছেলেকে কেন এভাবে মারলো?

সোমবার (২০ অক্টোবর) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবন প্রাঙ্গণে আরমানিটোলায় নিহত জোবায়েদ হোসাইনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। সেখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য,  শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

জানাজা শেষে মরদেহ তার নিজ জেলা কুমিল্লার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন হবে।

এর আগে রবিবার (১৯ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে রাজধানীর বংশাল এলাকার নূরবক্স রোডে টিউশনি পড়াতে গিয়ে এক বাসার নিচে ছুরিকাঘাতের শিকার হন জোবায়েদ। আহত অবস্থায় সিঁড়ি বেয়ে উপরে ওঠার চেষ্টা করলে তিনি তিনতলায় পড়ে যান। সেখানেই তার মৃত্যু হয়।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, হত্যাকাণ্ডের পর সন্দেহভাজন দুই যুবক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাচ্ছেন। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছাত্রীর প্রেমিকের হাতে খুন হয়েছেন জোবায়েদ।

জোবায়েদ ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি। সহপাঠীরা জানান, তিনি ছিলেন শান্ত, নম্র আর সকলের প্রিয় এক তরুণ, যার শত্রুতা ছিল না কারও সঙ্গে। সহপাঠীদের দাবি—দ্রুত গ্রেপ্তার এবং সুষ্ঠু বিচার নিশ্চিতের।

জানাজার আগে জোবায়েদের বাবা মোবারক হোসেন ভাঙা গলায় বলেন, ‘কাল আমার ছেলের মৃত্যুর পর আমি দেখেছি সব শিক্ষার্থী আন্দোলন করেছে। আমার এই ছেলেকে ভার্সিটিতে পাঠিয়েছিলাম, ভেবেছিলাম অনেক বড় হবে। আমার ছেলে লাশ হয়ে গেলো, আমি বাবা বেঁচে আছি। আমার ছেলেকে আমি “যুব” বলে ডাকতাম। আমি আমার ছেলের হত্যার বিচার চাই।’

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দিন বলেন, ‘আমার শিক্ষার্থী জোবায়েদ হোসাইন আমাদের পাশেই শুয়ে আছে। তার এই পরিণতি আমরা কেউ কল্পনাও করতে পারিনি। তাকে সামনে রেখে জানাজার নামাজের আগে কথা বলবো এটা ভাবতেও পারিনি। সমাবর্তনে তার মাথায় আমার ক্যাপ তুলে দেওয়ার কথা ছিল। তার বাবা-মা তাকে ডিগ্রি অর্জনের জন্য পাঠিয়েছিল।’

রইছ উদ্দিন বলেন, ‘রাত সাড়ে ৯টা পর্যন্ত তার লাশ পড়ে ছিল। আমরা প্রশাসনকে বিষোদ্গার করতে চাই না। আপনাদের নিয়েই আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। আমরা দুই দিনের শোক ঘোষণা করেছি। আগামীকাল আমাদের শোকসভা হবে। পর দিন প্রতিবাদ র‌্যালির আয়োজন করেছি। এটা আমাদের শেষ কর্মসূচি না। জানাজার পর আমরা প্রেস ব্রিফিং করব। আমাদের শিক্ষার্থীর নিরাপত্তার স্বার্থে যা করা দরকার তাই করব। বিচার ছাড়া ক্লাসে ফিরে যাব না।’

শিক্ষকদের এই নেতা বলেন, ‘আমি দেখেছি, কাল রাতে তার বাবা-চাচারা ৫ ঘণ্টা থানায় বসে ছিলেন। এমন ওসির দরকার নেই। আমরা কোনও গাফিলতি মেনে নেব না। প্রয়োজনে পুরো ঢাকা ব্লকেড ঘোষণা করা হবে। আপনারা দৃশ্যমান পদক্ষেপ নিন। আমার শিক্ষার্থী আমার সন্তান। সন্তানের লাশ বাবার কাঁধে নেওয়ার চেয়ে ভারী কিছু হতে পারে না।’

এ সময় তিনি কর্মসূচী ঘোষণা করে বলেন, ‘আমরা দুই দিনের শোক ঘোষণা করেছি। আগামীকাল শোকসভা, পর দিন প্রতিবাদ র‌্যালি। বিচার ছাড়া আমরা ক্লাসে ফিরব না।’

কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, ‘জোবায়েদ সন্ত্রাসীদের ছুরিকাঘাতে শহীদ হয়েছেন। আমরা কোনও রাজনৈতিক রঙ চাই না। আমাদের দাবি একটাই— প্রকৃত আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনুন।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, ‘জোবায়েদকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে স্পষ্ট ভাষায় বলেছি, দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের আইনের আওতায় আনতে হবে। জুনায়েদ একটি সংগঠনের সঙ্গে যুক্ত ছিল। মাঝে মাঝে আমার কাছে আসত। খুবই ভালো ছেলে ছিল সে। এমন একটি ছেলের শত্রু থাকতে পারে এটা আমাদের কল্পনায়ও ছিল না। আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন।’

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin