আখাউড়া করেসপনডেন্ট:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুরাদ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে ঢাকার হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে গ্রেফতার করা হয়।
কর্তৃপক্ষ জানায়, মুরাদ হোসেন বিদেশ যাওয়ার চেষ্টা করলে মামলা থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে। মুরাদ হোসেনের বিরুদ্ধে আখাউড়া থানায় মামলা থাকায় তাকে আখাউড়া থানা পুলিশের কাছে সোপর্দ করে ইমিগ্রেশন পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মুরাদ হোসেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের আখাউড়া উপজেলার সাবেক আহ্বায়ক ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের আস্থাভাজন ছিলেন। গত ৫ আগস্টের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। মুরাদ হোসেন আখাউড়া থানার বিস্ফোরক আইনের মামলায় এজাহারভুক্ত আসামি। এছাড়াও তার বিরুদ্ধে এলাকায় আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।
এ তথ্য নিশ্চিত করেন আখাউড়া থানার ওসি মোহাম্মদ ছমিউদ্দিন বলেন, মুরাদ বিদেশ পালিয়ে যাওয়ার পথে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
/এএইচএম