ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ক্লাস শুরু হবে আগামী ১২ অক্টোবর। ভর্তিবিষয়ক ওয়েবসাইটে বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিট ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বিভিন্ন ধাপে মেধাক্রম অনুযায়ী বিষয় ও প্রতিষ্ঠান বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে ভর্তিচ্ছু প্রার্থীরা মেধাক্রম ও পছন্দক্রম অনুযায়ী পর্যায়ক্রমে ভর্তির প্রাথমিক নিশ্চয়ন ফি অনলাইনের মাধ্যমে পরিশোধ করে এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট ডিন অফিসে জমা দিয়ে পরবর্তী চূড়ান্ত মাইগ্রেশনে বরাদ্দপ্রাপ্ত বিষয় ও প্রতিষ্ঠানে তাদের চূড়ান্ত ভর্তির সব কার্যক্রম সম্পন্ন করেছেন। এ অবস্থায় প্রযুক্তি ইউনিট ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন থেকে শুরু করে চূড়ান্ত মাইগ্রেশনে বিষয় ও প্রতিষ্ঠান বরাদ্দ দেওয়া পর্যন্ত সব ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করার জন্য ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। সেই সঙ্গে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রযুক্তি ইউনিট ভর্তি পরীক্ষার সব কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
২০২৪-২৫ শিক্ষাবর্ষে অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানে ভর্তি সম্পন্ন করা শিক্ষার্থীদের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের ক্লাস আগামী ১২ অক্টোবর (রোববার) হতে শুরু হবে। ক্লাস শুরুর আগে প্রতিটি প্রতিষ্ঠান নিজ উদ্যোগে শিক্ষার্থীদের পরিচিতিমূলক অনুষ্ঠানের আয়োজন এবং ক্লাস রুটিন প্রণয়ন করবে। তাদের পরিচিতিমূলক অনুষ্ঠানের তারিখ, ভেন্যু ও সময় এবং ক্লাস রুটিন–সংক্রান্ত বিষয় কলেজ বা ইনস্টিটিউটগুলো নিজ নিজ প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার্থীদের অবহিত করবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তির জন্য বরাদ্দপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে যেসব প্রার্থী এই ডিন অফিসে এসএসসি ও এইচএসসি পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট জমা দেওয়ার পরও চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করেননি এবং ইতিপূর্বে বিজ্ঞপ্তি উল্লিখিত ২৪ সেপ্টেম্বরের মধ্যে ফেরত নেযননি, তাঁদের ৩০ সেপ্টেম্বরের মধ্যে অবশ্যই জমাকৃত এসএসসি ও এইচএসসি পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট ফেরত নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তাদের জমাকৃত এসএসসি ও এইচএসসি পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্টের কোনো ক্ষতি হলে (নষ্ট কিংবা হারিয়ে গেলে) ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ তথা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না। ডিন অফিসে জমাকৃত মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট ফেরত নেওয়ার জন্য প্রার্থীকে ডিন অফিস কর্তৃক স্বাক্ষর ও ট্র্যান্সক্রিপ্ট রিসিভড সিলযুক্ত প্রযুক্তি ইউনিটে ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে ।