আসন্ন বিপিএলে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে যোগ দিচ্ছেন পাকিস্তানের সাবেক স্পিড স্টার শোয়েব আখতার। ক্রিকবাজকে এমন তথ্য নিশ্চিত করেছেন ঢাকা ক্যাপিটালসের প্রধান নির্বাহী আতিক ফাহাদ।
‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ হিসেবে পরিচিত শোয়েব এখনও সর্বোচ্চ গতির বলের রেকর্ডটি ধরে রেখেছেন । বিভিন্ন টি–টোয়েন্টি লিগে আগেও পরামর্শক হিসেবে কাজ করেছেন তিনি।
ফাহাদ জানিয়েছেন, ‘আগামী বিপিএল মৌসুমে শোয়েব আখতারকে আমরা মেন্টর হিসেবে নিচ্ছি। মূলত তার ব্র্যান্ড ভ্যালু, দ্বিতীয়ত খেলোয়াড়দের উদ্বুদ্ধ করার জন্য আমরা তাকে বেছে নিয়েছি।’
তিনি আরও জানান, মৌসুম শুরুর আগে কয়েক দিনের জন্য ঢাকায় আসবেন শোয়েব। ব্র্যান্ড এন্ডোর্সমেন্টের কিছু কাজ সেরে আবার ফিরে যাবেন তিনি। মৌসুম চলাকালীন কিছু ম্যাচ দেখবেন এবং খেলোয়াড়দের দিক নির্দেশনাও দেবেন।
এদিকে, বিপিএল নিলামের তারিখ পরিবর্তন করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। ২০২৬ সালের বিপিএল নিলাম অনুষ্ঠিত হবে আগামী ৩০ নভেম্বর। এর আগে নিলামটি নির্ধারিত ছিল ২৩ নভেম্বর।